মহারণের আগে বার্সার সুখবর

নানা উত্থান-পতন শেষে আগামীকালই মীমাংসা হতে যাচ্ছে চলতি মৌসুমের লা লিগার হিসাব-নিকাশ। ন্যু ক্যাম্পে অঘোষিত ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা শিরোপা জয়ের বুনো উত্সবে মাতবে, নাকি পরাজয়ের বেদনায় নীল হবে, তা জানতে মাত্র এক দিনের অপেক্ষা। তবে শিরোপা জিততে ভান্ডারে থাকা সব তূণই ব্যবহার করতে চান বার্সা কোচ জেরার্ডো মার্টিনো। বার্সাভক্তদের সুখবর, চোট থেকে ফিরছেন নেইমার, জেরার্ড পিকে, জরডি আলবা।
মাসখানেক ধরে দলের বাইরে আছেন নেইমার ও আলবা। ১ এপ্রিলের পর থেকে দলে নেই পিকেও। দলের এ তিন সেনানী অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠ নামবেন কি না, এ প্রসঙ্গে বার্সা কোচ বললেন, ‘তারা হয়তো এখনো পুরোপুরি সেরে ওঠেনি, কিন্তু তাদের ৯০ মিনিট খেলতে হবে না।’ অর্থাত্ তিনজনকে পুরো সময় খেলতে হবে, এমন কথা নেই। তবে মাঠে নামতে তাঁরা যে প্রস্তুত, এটি জেনেই সন্তুষ্ট মার্টিনো। তাই বললেন, ‘আগামীকাল যা-ই হোক, ব্যাপার না। কিন্তু তারা দেখিয়েছে, শেষ ম্যাচ খেলতে তৈরি। যে সাহস তাঁরা দেখিয়েছে, আমার জন্য, দলের জন্য অনেক বড় ব্যাপার।’ এএফপি।