আর এক দিন পরই সেই লড়াই। ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল মাদ্রিদ মহারণ দরজায় কড়া নাড়ছে! তবে এমন একটা ম্যাচের আগে উত্তেজনার পারদ সেভাবে চড়ছে কই? হোসে মরিনহো, অ্যালেক্স ফার্গুসনরা আশ্চর্য রকম শান্ত। কথার ঝাঁজ নেই, নেই কথার যুদ্ধে প্রতিপক্ষকে ছিঁড়েখুঁড়ে ফেলার আগ্রাসন। স্বভাবসুলভ অহমিকা ঝেড়ে ফেলে মরিনহোর কণ্ঠে ফার্গুসনকে নিয়ে শ্রদ্ধার বিনম্র সুর, ‘তাঁর সঙ্গে আমার সব সময়ই ভালো একটা সম্পর্ক ছিল। সেটার জন্য আমি গর্বিত। আমরা অনেক ম্যাচে মুখোমুখি হয়েছি। পোর্তো থেকেই এটার শুরু। এরপর চেলসিতে তো ছিলই। ইন্টারের পর এখন আবার রিয়ালের হয়েও। অবশ্যই আমি জিততে চাই। তিনিও নিশ্চয়ই চান। কিন্তু যে হারবে সে একটু হলেও আমাদের বন্ধুতার জন্য গর্ববোধই করবে।’ আসলেই, এ যেন অন্য এক মরিনহো! ম্যাচের রণকৌশল ঠিক করার প্রস্তুতিটা অবশ্য থেমে নেই। গত পরশুই ইউনাইটেড-এভারটন ম্যাচ দেখতে ‘স্পেশাল ওয়ান’ উড়ে গিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে। ম্যাচটি ২-০-তে জিতে ম্যানচেস্টার সিটির চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে গেছে ইউনাইটেড।ফার্গুসনও ম্যাচের আগে কথার লড়াইয়ে দৃশ্যত আগ্রহী নন। বরং ম্যাচের জন্য যেন তর সইছে না তাঁর, ‘আমরা দুজনই বুধবারের দিকে তাকিয়ে আছি। এটা হবে দারুণ এক ম্যাচ।’ সাবেক শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসা করতেই ব্যস্ত ইউনাইটেড কোচ। সেটা এতটাই, রোনালদোকে জিদানের চেয়েও ভালো রায় দিয়ে দিলেন, ‘ফ্লোরেন্তিনো পেরেজ রিয়ালের প্রেসিডেন্ট থাকার সময় গ্যালাকটিকোরা ছিল। সেই দলে ফিগো, জিদান, রবার্তো কার্লোস, রাউল ছিল। কিন্তু আমি মনে করি তাদের কেউই রোনালদোর মতো ভালো ছিল না। জিদান দারুণ, ফিগোও। কিন্তু রোনালদোর মতো নয়।’ সেভিয়ার বিপক্ষে রোনালদো দুর্দান্ত এক হ্যাটট্রিক করার পরই এমন প্রশংসা করে তাঁকে পরোক্ষে চাপে ফেলে দিলেন না তো?তবে সে যা-ই হোক, রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস জানেন পর্তুগিজ ফরোয়ার্ডই হতে পারেন এ ম্যাচের নিয়ন্তা, ‘রোনালদো এখন তার ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছে। ইউনাইটেডের সঙ্গে খেলাটা মৌসুমেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের মাথা ঠিক রাখতে হবে। মনে রাখতে হবে, এটা ১৮০ মিনিটের খেলা, ৯০ মিনিটের না।’ ওয়েবসাইট।