মহারণের আরও কাছে ফেদেরার-নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার
রজার ফেদেরার

ব্যাপারটা অদ্ভুতই! নিউইয়র্ক ও ইউএস ওপেন এখনো দেখল না রজার ফেদেরার-রাফায়েল নাদালের চিরায়ত দ্বৈরথ। সম্ভাবনা থাকলেও এর আগে প্রতিবারই কেউ না কেউ ঝরে পড়েছেন আগেই। ইউএস ওপেনে টেনিস ইতিহাসের অন্যতম সেরা দুই মহারথী এবার মুখোমুখি হতে পারেন কোয়ার্টার ফাইনালেই। পরশু তৃতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচ জিতে সেই মহারণের আরও কাছে চলে এসেছেন ২৯টি গ্র্যান্ড স্লাম ভাগাভাগি করা দুই মহাতারকা।এর আগে আজ দুজনকেই পেরোতে হবে চতুর্থ রাউন্ড। প্রতিপক্ষ অবশ্য কঠিন কেউ নন, ফেদেরার খেলবেন টমি রবরেডোর বিপক্ষে। এই স্প্যানিশের বিপক্ষে খেলা ১০ ম্যাচেই জিতেছেন ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার। ১২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের প্রতিপক্ষ ফিলিপ কোলশ্রাইবার (৯-১)। পরশু ফেদেরার ৬-৩, ৬-০, ৬-২ গেমে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে এবং নাদাল ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার ইভান দদিগকে।

রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল

গত ফেব্রুয়ারিতে চোট কাটিয়ে ফেরার পর থেকেই দুর্দান্ত খেলতে থাকা নাদাল দদিগকে হারিয়ে হার্ডকোর্টে পেয়েছেন টানা ১৮তম জয়।পুরো টেনিস-বিশ্বই দেখতে চায় নাদাল-ফেদেরার লড়াই। ফেদেরারও মনে করছেন ইউএস ওপেন প্রথমবারের মতো দেখতে যাচ্ছে কাঙ্ক্ষিত সে লড়াইটা, ‘আমরা দুজনই আশা করছি নিউইয়র্কে প্রথমবারের মতো এটা হতে যাচ্ছে।’পুরুষ এককে অঘটন বলতে একটাই, আমেরিকানদের হতাশ করে কোলশ্রাইবারের কাছে জন ইসনারের হার। মেয়েদের বিভাগে অবশ্য বিদায় নিয়েছেন দুই গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড় সভেতলানা কুজনেতসোভা ও পেত্রা কেভিতোভা। হেরেছেন কখনো গ্র্যান্ড স্লাম না-জেতা সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকিও। ষষ্ঠ বাছাই ওজনিয়াকি হেরেছেন বাছাইপর্ব পেরিয়ে আসা বিশ্বের ১৩৬ নম্বর খেলোয়াড় কামিলা জর্জির কাছে ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে। সোনালি চুলো এই ইতালিয়ান ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্লামের শেষ ষোলোতে উঠলেন। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছেন আরেক ইতালিয়ান রবার্তা ভিঞ্চি।ভাইরাস জ্বরে ভোগা ২০১১ সালের উইম্বলডনজয়ী কেভিতোভাকে হারিয়েছেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা ৮১ নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্ক। ইউএস ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন কুজনেতসোভা হেরেছেন ইতালির ফ্লাভিয়া পেনেত্তার কাছে। তবে প্রথম সেট হারলেও অ্যালিস করনেকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা। এএফপি।