মহারণের গায়ে ‘মিনি ফাইনাল’ তকমা
অস্ট্রেলিয়ার কোচ টিম নিলসেন ম্যাচটাকে ‘মিনি ফাইনাল’ বলেছেন। মহেন্দ্র সিং ধোনিকে কাল সংবাদ সম্মেলনে তা মনে করিয়ে দেওয়া হলো। ভারত অধিনায়ক ‘মিনি ফাইনাল’ শব্দ দুটোর সঙ্গে একমত হলেন না। বারবার বললেন, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা শুধু জানি, জেতা ছাড়া আর কোনো পথ নেই।’ঠিক ঘণ্টা দুয়েক আগের সংবাদ সম্মেলনে রিকিং পন্টিংও ‘মিনি ফাইনাল’ বলতে চাইলেন না। আসলে এটা উপমা। কিছু ম্যাচ থাকে, যা সব উপমার ঊর্ধ্বে চলে যায়। আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণকে ‘মিনি ফাইনাল’ বলাটা হয়তো সবচেয়ে উপযুক্ত শব্দযুগল। কিন্তু আদতে তার চেয়েও বেশি নয় কি?শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি পাওয়ার উপলক্ষ, আবার এটিই হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ ম্যাচ! রিকি পন্টিং দুটি বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক হিসেবে, যাঁর নেতৃত্বে স্বর্ণযুগ কাটিয়ে এখন কিছুটা খাদে পড়ে গেছে অস্ট্রেলিয়া। নানা বিতর্ক পিছু ধাওয়া করা পন্টিংয়েরও তো সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ। তাহলে ম্যাচটাকে শুধু ‘মিনি ফাইনাল’ শব্দযুগলের আড়ালে ঢেকে রাখা কেন?উপলক্ষ আরেকটা আছে—২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গাঙ্গুলীর ভারতকে উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই প্রতিশোধের ম্যাচও তো এটি ভারতের।ঠিক এখানেই ফিরে আসছে ভারতের শতকোটি মানুষের আবেগ, ঘরের মাঠে বিশ্বকাপ জেতার চাপ। কোয়ার্টার ফাইনালেই সেটি শেষ হয়ে গেলে বিশ্বকাপ খানিক রং হারাবে বৈকি। ’৮৩-এর পর বিশ্বকাপ জয়ের এবারই সেরা সুযোগ এসেছে ধোনিদের কাছে—চারদিকে বলা হচ্ছে এমনটাই।এমন আশার বেলুন ফুলছে যেখানে, ভারতের হার সেখানে সব আয়োজনেই জল ঢেলে দেওয়ার মতো। ধোনির কথায় থাকল প্রত্যয়। গত বছর অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে হারিয়ে আসা তাঁর কাছে বাড়তি প্রেরণা।ধারণা করা হচ্ছে, উপমহাদেশের ঐতিহ্যগত স্পিনসহায়ক উইকেটই এটি। ভারত তিন স্পিনার খেলানোর পরিকল্পনা করছে—হরভজন, অশ্বিন, রায়না অথবা পাঠান। ধোনি বলেছেন, ‘কাল (পরশু) উইকেটে একটু আর্দ্রতা দেখেছি। জানি না শেষ পর্যন্ত কী হবে’। রাতে শিশিরের প্রভাব থাকতে পারে বলেও অনুমান। তবে শেষ পর্যন্ত শিশির সমস্যা হবে না বলেই মনে করছেন ভারত অধিনায়ক।লড়াইটা আসলে ভারতের বিখ্যাত ব্যাটিং বনাম অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। পন্টিং এটা ভালো করেই জানেন, তাঁর স্পিনাররা ভারতের মাটিতে ভারতকে বধ করতে পারবে না, যা করার ব্রেট লি, শন টেইট ও মিচেল জনসনদেরই করতে হবে। তাই তিন পেসারকেই খেলানোর ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। এই তিন পেসারকে লেলিয়ে দিয়ে অস্ট্রেলিয়া শর্ট বল করারই ছক মূলত কষছে। শর্ট বল আর বাউন্সে দুর্বল ভারতীয়দের জন্য আজ পরীক্ষাই বটে। ধোনি অবশ্য বড় করে সেটিকে দেখতে চাইলেন না, ‘সব সময়ই শর্ট বল নিয়ে আমাদের কথা শুনতে হয়। এটা বলে আমাদের কাবু করা যাবে না। আমরা কিন্তু পার্থ-ডারবানে জিতে এসেছি।’শুধু মুখে নয়, ভারতীয়রা নেটে প্রয়োজনীয় শর্ট বল অনুশীলনটা করে নিয়েছে। টানা দ্বিতীয় দিন নেটে টেন্ডুলকারসহ বাকিরা শর্ট বল খেলেছেন প্রচুর। লিদের সামলাতে যা করণীয় সবই করছে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে ভারতও মানছে, অস্ট্রেলীয় পেস-ত্রয়ী সবচেয়ে বড় বাধা।শেষ তিনটি গ্রুপ ম্যাচে ভারত পুরো ৫০ ওভার খেলতে পারেনি। উইকেট পড়েছে ঝরাপাতার মতো। দারুণ শুরুর পরও কেন এই হাল, এটা নিয়ে গোটা শিবিরই চিন্তিত। ধোনির কথায়ও সেটা বোঝা গেল, ‘হ্যাঁ, আমরা এ ব্যাপারটা দেখছি। আসলে দ্রুত রান তোলার চাপ থেকে এমনটা হয়ে গেছে। তবে একই সঙ্গে রান এবং উইকেট না হারানো দুটোর মধ্যে একটা ভারসাম্য আনতে হবে আমাদের।’দ্রুত ভেঙে পড়া যদি ভারতের অন্যতম দুর্বল দিক হয়, তাহলে সেই সুযোগ কাজে লাগাতে তৈরিই আছে অস্ট্রেলিয়া। পন্টিং বললেন, ‘আমরা ওদের দ্রুত ভেঙে পড়া থেকে কীভাবে উপকৃত হতে পারি, সেটি নিয়ে কাজ করছি।’ভারত-অস্ট্রেলিয়া লড়াই মানেই যুদ্ধ, শ্রেষ্ঠত্বের লড়াই। তার ওপর ম্যাচটা যখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, যুদ্ধের মাঠটা আরও বেশি তপ্ত। সরদার প্যাটেলের আঙিনায় দিনভর চলল রাস্তার কার্পেটিংয়ে কাজ। গেটের সামনে টিকিটপ্রত্যাশীদের ওপর লাঠিপেটা করল পুলিশ। সন্ধ্যায় প্রেসবক্সে বসে লেখার সময় মনে হচ্ছিল, ‘মিনি ফাইনাল’ ছাপিয়ে যুদ্ধের আবহ সর্বত্র।পন্টিং যতই কোণঠাসা থাকুন, মনের জোর কিন্তু এতটুকু কমেনি। ‘আমরা আত্মবিশ্বাসী, আমরা চাপমুক্ত থাকছি এবং আগামীকাল (আজ) আমরা আমাদের সেরাটা ঢেলে দিতে চাই।’ একই সঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক আরেকটি বাক্য জুড়ে দিয়েছেন, ‘অস্ট্রেলিয়া যেভাবে খেলে সেভাবেই আমরা খেলতে চাইব।’এই কিছুদিন আগেও অস্ট্রেলিয়ার ক্রিকেট মানেই ছিল আগ্রাসী ক্রিকেট। প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়া ক্রিকেট। ধোনিরা কীভাবে সেটির জবাব দেবেন? প্রশ্নটার সামনে পড়ে ধোনি হেসে ফেললেন, ‘আমরা ভারতীয় ক্রিকেট খেলব। যেটার নাম স্বাভাবিক ক্রিকেট।’ঘরের মাঠে একটু হলেও এগিয়ে ভারত। কিন্তু প্রতিপক্ষ দলটার নাম অস্ট্রেলিয়া। বড় ম্যাচে প্রতিপক্ষকে এক ফুৎকারে উড়িয়ে দেওয়ার বহু দৃষ্টান্ত যারা রেখেছে। ভারত কি পারবে সেই ধারার আপাত ইতি টানতে?