মহারণের জন্য প্রস্তুত ব্রাজিল
কান নিয়ে গেছে শুনেই সবাই মিলে দে ছুট চিলের পেছনে! কার্লোস দুঙ্গার সমালোচনা করতে গিয়েও কি একই চিলের পেছনেই ছুটছেন নিন্দুকেরা? ব্রাজিলের মিডফিল্ডার জিলবার্তো সিলভা তো তেমনটাই বললেন, ‘মানুষ তাঁকে নিয়ে যা খুশি বলতে পারে, কিন্তু কোচের ওপর পূর্ণ আস্থা আছে আমাদের। কোচের কর্মপন্থা নিয়ে আমাদের কারও কোনো সমস্যা নেই। আমাদের সাম্প্রতিক ফলগুলো তা-ই বলে।’কাল সংবাদ সম্মেলনে আরও একটা কথা জানিয়েছেন জিলবার্তো—ব্রাজিল প্রস্তুত, ‘দল ভালোভাবে প্রস্তুত। আসলে আমাদের বিশ্বকাপটা শুরু হয়েছে ৩ বছর ৮ মাস আগেই।’ জিলবার্তোর কণ্ঠে আসলে কোচ কার্লোস দুঙ্গার কথারই অনুরণন। জিম্বাবুয়ে ও তানজানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতে জয়ের পর ব্রাজিল কোচ বলেছিলেন, ‘দুটি ম্যাচেই আমরা ভালো খেলেছি। বলা যায়, প্রস্তুতিটা আমাদের ভালোই হয়েছে। এখন কেবল শেষ মুহূর্তের কাজগুলো করতে হবে।’ব্রাজিল দলে দুশ্চিন্তার কাঁটা হয়ে ছিল দুজনের ইনজুরি—রিয়াল মাদ্রিদে পাওয়া চোট বয়ে নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছিলেন কাকা। আর সতেজভাবে প্রস্তুতি শুরু করা গোলরক্ষক হুলিও সিজার চোট পেয়েছিলেন জিম্বাবুয়ে ম্যাচে। সময়মতো সেরেও উঠছেন এ দুজন। কাকা তো তানজানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছেন।তানজানিয়ার বিপক্ষে ম্যাচটি খেলার পর কাকা নিজেই দিয়েছেন তাঁর এবং দলের বিশ্বকাপের জন্য পুরো প্রস্তুত হওয়ার ঘোষণা, ‘আমি প্রস্তুত, ব্রাজিলের চিন্তার কোনো কারণ নেই। আসলে আমাদের পুরো দলই বিশ্বকাপের জন্য প্রস্তুত।’ আর সিজারের চোটমুক্তির খবর দিয়েছেন কোচ দুঙ্গা, ‘হুলিও সিজার আমাদের প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠবে। ওর সুস্থতার জন্য সবকিছুই করা হচ্ছে এবং শিগগিরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে।’ব্রাজিলের যে খেলোয়াড়েরা মাঠে আলো ছড়াবেন, তাঁদের সবাই আসলে প্রস্তুত। আরেকটি শিরোপা জয়ের জন্য প্রস্তুত দুটি বিশ্বকাপ খেলা এবং একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাসম্পন্ন জিলবার্তোও। কাকা, রবিনহো, লুইস ফ্যাবিয়ানো, ফেলিপ মেলো—এই তারকার ভিড়ে ডিফেন্সিভ মিডফিল্ডার জিলবার্তো সিলভার কথা কেউ খুব একটা বলে না। পাদপ্রদীপের আলো থেকে একটু দূরেই থাকেন প্যানাথিনাইকোসের জিলবার্তো। তবে এই বিশ্বকাপে কাকা-রবিনহো-ফ্যাবিয়ানোদের জাদু দেখানোর মাঠ কিন্তু তৈরি করে দেবেন তিনিই।তবে এ নিয়ে জিলবার্তোর কোনো আক্ষেপ নেই। আরেকটা বিশ্বকাপ জিততে তিনি দলের জন্য যেকোনো কিছুই করতে পারেন। তবে মাঠে নামার আগেই কাজ শুরু করে দিয়েছেন জিলবার্তো। সেই কাজটি অবশ্য অসুন্দর কিছু নয়, বিশ্বকাপ জয়ের আনন্দ আর বিশ্বকাপ জিততে না পারার হতাশার গল্প শুনিয়ে উজ্জীবিত করছেন তিনি দলে আসা নতুনদের, ‘এটা আমার তৃতীয় বিশ্বকাপ এবং এটা যাদের প্রথম বিশ্বকাপ ওদের আমি বিশ্বকাপ অভিজ্ঞতার গল্প শোনাচ্ছি।’ এএফপি, ওয়েবসাইট।