মহারণের নাম ম্যানইউ-চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এই ম্যাচের পর ভাগ্য ম্যাচটির জয়ীদের সঙ্গে থাকবে। তবে কোনো মীমাংসাই হবে না।বক্তা কার্লো আনচেলত্তি, চেলসি কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানইউ-চেলসি গুরুত্বপূর্ণ ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচের ফলাফল লিগের শিরোপা লড়াইয়ে কতটা কী প্রভাব ফেলবে, সেই প্রসঙ্গেই বলেছেন চেলসির ইতালিয়ান কোচ।ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২টি করে ম্যাচ খেলে ফেলেছে ম্যানইউ ও চেলসি। ৭২ পয়েন্ট নিয়ে ম্যানইউ শীর্ষে, মাত্র এক পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আনচেলত্তির দল। এমন অবস্থায় শিরোপা লড়াইয়ের দুই প্রতিদ্বন্দ্বী দলের লড়াই তো গুরুত্বপূর্ণই।মহাগুরুত্বপূর্ণ এ লড়াইয়ে নামার আগেই একটু ‘ব্যাকফুটে’ ম্যানইউ। এ ম্যাচে যে নেই তাদের মহাগুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়েইন রুনি। গত মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার। প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।রুনির না থাকাটাকে অনেকেই দেখছেন চেলসির জন্য শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার মহা সুযোগ হিসেবে। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর ম্যানইউর আক্রমণভাগের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রুনি। পালনও করছেন সার্থকভাবে। এ মৌসুমে প্রিমিয়ার লিগে ৭৬ গোল করেছে ম্যানইউ। রুনি একাই করেছেন ২৬ গোল। সব মিলিয়ে হাফ ডজনের বেশি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেনও। রুনিকে হারানো সত্যি বড় এক ধাক্কা ম্যানইউর জন্য। রুনিকে নিয়ে ওল্ড ট্রাফোর্ডে হতাশা আছে। তবে ম্যানইউ যে একজনেরই দল নয়, বড় গলায় সেটিই বললেন ডিফেন্ডার নেমানিয়া ভিদিচ, ‘এ মৌসুমে দেখিয়েছি, আমরা দল হিসেবে খেলছি। এটা আসলে একজনের ব্যাপার না। সে অবিশ্বাস্য, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। কখনো কখনো বড় খেলোয়াড়েরা খেলতে পারে না। তখন অন্যদের এগিয়ে আসতে হয়।’শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচের জন্য প্রস্তুত চেলসিও। ‘আমরা এ ম্যাচের অপেক্ষায় আছি’—উল্লেখ করে চেলসির ইংলিশ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড তাদের প্রেরণার উৎসমুখটিকেও চিহ্নিত করেছেন, ‘এর মধ্যেই আমরা ইউনাইটেডকে হারিয়েছি। লিভারপুল ও আর্সেনালকেও হারিয়েছি। মাঝে কিছু দিনের সমস্যা ভুলে আমরা এখন লক্ষ্যে অবিচল।’শিরোপা জয়ের দৌড়ে ম্যানইউ-চেলসির সঙ্গে আছে আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনালেরও। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট তাদের। তবে শিরোপা জয়ে মনোযোগ থাকলেও আজ বোল্টনের বিপক্ষে ম্যাচে নামছে একটু খর্বশক্তির আর্সেনাল। এ ম্যাচে যে তারা দলে পাচ্ছে না সেস ফ্যাব্রিগাস, উইলিয়াম গালাস ও আন্দ্রেই আরশাভিনকে। তিনজনেরই চোট। ফ্যাব্রিগাসকে পুরো মৌসুমের জন্যই চলে যেতে হয়েছে মাঠের বাইরে। বাকি দুজন খেলতে পারবেন না প্রায় তিন সপ্তাহ।ম্যানইউ রুনিকে এবং আর্সেনাল ফ্যাব্রিগাসকে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে। চেলসি এখন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ে যাওয়াটাকে শাপে বর ভাবতে পারে। শিরোপা লড়াইয়ের তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে একমাত্র চেলসিই পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারছে আজ। এএফপি।