মহাসচিব কুয়েতে, ঘুম বিওএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচনের পর বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলো প্রথম কদিন বেশ চাঙা থাকে। কাজকর্মের ধুম পড়ে। এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ)। নির্বাচনের পর এই প্রতিষ্ঠান নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেনি। কবে সক্রিয় হবে, তা আপাতত বলা কঠিন।বিওএর নির্বাচন হয়েছে গত ২৯ নভেম্বর। ৩ ডিসেম্বর নির্বাচিত কমিটির কর্মকর্তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। এর দুদিন পর নবনির্বাচিত মহাসচিব সৈয়দ শাহেদ রেজা কুয়েতে চলে যান। তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত হিসেবে তাঁর মেয়াদ আগামী মে মাস পর্যন্ত।বিওএর নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসচিব কুয়েতে যাওয়ার আগে নতুন কমিটির প্রথম সভাটা হয়নি। সেটি এই ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনাও নেই। হতে পারে আগামী ১৫ অথবা ২১ জানুয়ারি।মহাসচিবের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন উপমহাসচিব আশিকুর রহমান (মিকু)। তিনি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠন ফোরাম ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। বিওএর মতো প্রতিষ্ঠানের মহাসচিব দূরে থাক, ভারপ্রাপ্ত মহাসচিব পদে ক্রীড়াঙ্গন কখনো তাঁকে কল্পনা করেনি। এখন সেই দায়িত্বই পেয়ে গেলেন। তা আশিকুর রহমান কেমন চালাচ্ছেন বিওএ? প্রশ্ন করলে বলেন, ‘১৬ ডিসেম্বরের পর প্রেসিডেন্ট সাহেব আমাদের নিয়ে বসবেন। তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’ প্রথম সভার ব্যাপারে জানাচ্ছেন, ‘মহাসচিব জানুয়ারিতে আসবেন। তখন আনুষ্ঠানিক মিটিং হবে।’যদি তা-ই হয়, তাহলে নির্বাচনের পর প্রথম সভাটা করতে দেড় মাস হয়তো পার হবে। অন্য কর্মকর্তারা কী বলেন? অন্যতম উপমহাসচিব বাদল রায়কে দুদিন আগে বিওএর নতুন কমিটির কর্মপরিকল্পনা নিয়ে জানতে চাইলে বললেন, ‘কিছু বলতে পারছি না, মিটিং হয়নি।’ কবে মিটিং? এবার বললেন, ‘জানি না।’নতুন কমিটির কর্মকর্তারা হতাশা প্রকাশ করে বলছেন, মহাসচিব কুয়েতে যাওয়ার আগে প্রথম সভাটা করে যেতে পারতেন। সাব-কমিটিগুলো গঠন করে কাজ শুরু হয়ে যেতে পারত। কিন্তু সবকিছু ঝুলে থাকায় আশাহত তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহসভাপতি বললেন, ‘বিওএতে আমরা যাই। গিয়ে লাল চা খেয়ে চলে আছি। এ ছাড়া আর কোনো কাজ নেই।’অন্য এক সহসভাপতির কথা, কাজ শুরু করে মার্চের মধ্যে বাংলাদেশ গেমসটা করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু তা হচ্ছে কই?