মহিলা কমপ্লেক্সে চলছে দ্বৈত প্রশাসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পূর্ব পাশের দেয়ালটা গত ৩-৪ মাস টিন দিয়ে ঘেরা। ঝড়ে দেয়ালের একাংশ ভেঙে যাওয়ার পর সেটি মেরামতের যেন কোনো তাগিদই নেই। দেয়ালের ফাঁক গলে বখাটে ছেলেরা যখন-তখন ঢুকছে, বেরোচ্ছে। সেখান দিয়ে অবলীলায় ঢুকে পড়ছে কুকুর, গরু-ছাগল। এশিয়ান ও কমনওয়েলথ গেমসের ক্যাম্পে থাকা মেয়েরাও ভুগছে নিরাপত্তাহীনতায়। মহিলা ক্রীড়া সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধীনে থাকায় দেয়াল নির্মাণের তাগাদা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করলেন সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার (কিরণ)।গত ১৪ আগস্ট মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জাতীয় শোক দিবসের ব্যানার টানানো নিয়ে কর্মচারী ইউনিয়নের সঙ্গে বাগিবতণ্ডা হয় মাহফুজার। পরে ঘটনাটি সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত হয়। এ ঘটনার প্রতিবাদে কাল সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। কিন্তু আলোচনার দিক পরিবর্তন হয়ে সেটি পরিণত হয় অভিযোগের মিছিলে।মাহফুজা জানান, ‘এনএসসি আমাদের সঙ্গে বৈরী আচরণ করছে।’ বৈরী আচরণের ব্যাখ্যাও দিলেন তিনি। বললেন, ‘মহিলা ক্রীড়া সংস্থা দ্বৈত প্রশাসনে পরিচালিত—দুই প্রশাসনের একটি অংশ মহিলা ক্রীড়া সংস্থার, অন্যটি এনএসসির। এনএসসির নিয়োগপ্রাপ্তরা স্বেচ্ছাচারী এবং তাদের নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে গেলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।’সদ্য নির্মিত বাস্কেটবল ও লন টেনিস গ্রাউন্ড নিয়েও অভিযোগ করলেন তিনি, ‘এনএসসির আবদুর রহমান সাহেব আমাদের না জানিয়ে বাস্কেটবলের ড্রেসিংরুমটি ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার অফিস রুম হিসেবে বরাদ্দ দিয়েছেন।’ এনএসসির পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) আবদুর রহমান বিষয়টিকে নিছক ভুল বোঝাবুঝি হিসেবেই দেখছেন, ‘আমি তাঁর অভিযোগগুলো শুনেছি। আমার মনে হয়, আমাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সমন্বয়ের অভাব আছে। আশা করি, তাঁর সঙ্গে আলোচনা করে সব সমস্যার সমাধান করে ফেলতে পারব।’ আর দেয়াল নির্মাণের ব্যাপারে জানান, ‘দরপত্র আহ্বান করেছি। কার্যাদেশও পেয়ে গেছি। আশা করি, ঈদের পর দেয়াল পুনর্নির্মিত হয়ে যাবে।’