মহিলা কাবাডি দল নিয়ে প্রহসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় বাছাইয়ের নামে এ যেন প্রহসন! যেকোনো জাতীয় দলের অনুশীলনে অনেক খেলোয়াড় ডেকে সেখান থেকে সেরাদের বেছে নেন কোচ ও নির্বাচকেরা। কিন্তু কাবাডিতে ঘটেছে ঠিক উল্টো।

২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভিয়েতনামে হবে পঞ্চম এশিয়ান বিচ গেমস। এই গেমসে দল পাঠানোর জন্য তিন মাস আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ছয় খেলোয়াড়ের নাম চেয়ে পাঠায় কাবাডি ফেডারেশনের কাছে। কোনো ট্রায়াল ছাড়াই ওই সময় কয়েকজন কর্মকর্তার পছন্দের ছয় খেলোয়াড়—টুকটুকি খাতুন, ফাতেমা আক্তার পলি, রূপালী আক্তার, ফারজানা আক্তার, শাহিন আরা ও মাসুরা পারভীনের নাম বিওএর কাছে পাঠিয়ে দেয় ফেডারেশন। এঁদের মধ্যে শাহিন আরা ভিয়েতনামগামী মহিলা কাবাডি দলের ম্যানেজার আবদুল কাইয়ুম শিকদারের স্ত্রী। মাসুরা সদ্য শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। ফুটবল বাদ দিয়ে কাবাডি খেলতে চান না মাসুরা, ‘আমার কাছে কাবাডির চেয়ে ফুটবলই বেশি গুরুত্বপূর্ণ। ওখানে গিয়ে চোট পেলে সেই ঝুঁকি কে নেবে? তা ছাড়া আমাদের দল চূড়ান্ত পর্বে উঠেছে। আমি এখন ফুটবল নিয়েই ভাবছি।’

এই দলকে গত ১৬ জুলাই থেকে অনুশীলন করাচ্ছেন কোচ জিয়াউর রহমান। কিন্তু গত এসএ গেমসে রুপাজয়ী মেয়েদের দলের সহকারী এই কোচকে রাখা হয়নি এশিয়ান বিচ গেমসের দলে। কোচ হিসেবে ভারতের কোচ বনানী সাহার নাম জমা দেওয়া হয়েছিল বিওএতে। তবে অ্যাক্রিডিটেশন কার্ড এলেও ভিয়েতনামে যেতে পারছেন না ভারতীয় রেলওয়ের চাকরিজীবী এই কোচ। ভারত সরকারের অনাপত্তিপত্র (এনওসি) পাননি তিনি! অথচ ২০ সেপ্টেম্বর ঢাকা ছাড়ার আগ পর্যন্ত দলকে অনুশীলন করিয়ে যাবেন জিয়াউর রহমান।

কোচের অনুমতি ছাড়াই দলের অন্যতম খেলোয়াড় নিশি সাইক্লিং খেলতে চলে যেতেন। একইভাবে উশু খেলতে যেতেন জেমি ও তাসমি। ম্যানেজারের স্ত্রী, তাই শাহিন আরাও অনুশীলনে অনিয়মিত। বিপিএডের কোর্স পরীক্ষা নিয়ে তিনি ব্যস্ত। মাসুরা তো ক্যাম্পে যোগই দেয়নি। সব মিলিয়ে মেয়েদের কাবাডিতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে।

বিচ কাবাডিতে প্রতিটি দলে ছয়জন খেলোয়াড় থাকা বাধ্যতামূলক। চারজন খেললেও ঘুরিয়ে-ফিরিয়ে ছয়জনকেই কোর্টে নামতে হয়। কিন্তু মাসুরা জানিয়ে দিয়েছেন, তিনি যাবেন না। কোচ ছাড়াই যাবে দল। বেশ বিপাকেই পড়েছে কাবাডি ফেডারেশন। একাধিক খেলোয়াড় চোট পেলে কোর্টেই নামতে পারবে না বাংলাদেশ দল!

কোচ ছাড়া কেন বিদেশে যাওয়া? এই প্রশ্নের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কাছে, ‘ভেবেছিলাম, ভারতীয় কোচ আমাদের সঙ্গে যোগ দেবেন। কিন্তু তিনি এনওসি পাননি, তাই তাকে ছাড়াই দল পাঠাচ্ছি। তবে কোচ না থাকলেও ম্যানেজার কাইয়ুম কোচের কাজ সামলাবেন।’

সাম্প্রতিক সময়ে পুরুষদের চেয়ে বাংলাদেশের মহিলা দলই কাবাডিতে সাফল্য পাচ্ছে বেশি। গত দুটি এশিয়ান গেমসে দুটি ব্রোঞ্জ, সর্বশেষ তিনটি দক্ষিণ এশিয়ান গেমস থেকে দুটি রুপা, একটি ব্রোঞ্জ ও তিনটি এশিয়ান বিচ গেমসে তিনটি ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মেয়েরা।

অথচ এই কাবাডি দলটিই ফেডারেশন কর্মকর্তাদের খামখেয়ালির শিকার।