মহিলা কাবাডিতে ‘প্রত্যাশা’ পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের প্র্যাকটিস পর্যাপ্ত হয়নি। একটি প্র্যাকটিস ম্যাচও আমরা খেলিনি। বড় টুর্নামেন্টের আগে প্র্যাকটিস ম্যাচ না খেললে তো এমন হবেই।’‘আমাদের প্রচুর প্র্যাকটিস ম্যাচ খেলা প্রয়োজন ছিল।’‘ওদের দেখেই বোঝা গেছে প্র্যাকটিসের অভাব ছিল।’প্রথম কথাটি বাংলাদেশ দলের অধিনায়ক শাহনাজ পারভিনের, পরেরটি বাংলাদেশ দলের কোচ আবদুল হাকিমের, আর শেষেরটি ভারত অধিনায়ক তেজস্বিনী বাইয়ের। মহিলা কাবাডির বাংলাদেশ-ভারত ফাইনাল শেষে সবার কণ্ঠে একই সুর—প্র্যাকটিসটা বাংলাদেশের কম হয়েছে।ভারতকে হারিয়ে বাংলাদেশ সোনা জিতবে, এমন আশা হয়তো বাংলাদেশের কেউ করেনি। তবে ফাইনালে ওঠার পর অবচেতন মনে হলেও সোনার স্বপ্ন উঁকি না দিয়ে পারেইনি। স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। বাংলাদেশকে ১৪ পয়েন্টের (৩৪-২০) ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে ভারত। অনুশীলনের অভাবই কি তবে বাংলাদেশের পরাজয়ের কারণ?একটা কারণ অবশ্যই, তবে একমাত্র নয়। পার্থক্যগুলো সাদা চোখেই দেখা গেছে। শারীরিক দিক দিয়েই দুই দলের ব্যবধান অনেক। অভিজ্ঞতার অভাবটাও চোখে পড়েছে, আর আত্মবিশ্বাসে ঘাটতি তো ছিলই। শাহনাজদের প্রয়োজন ছিল অতিমানবীয় কিছু। সেটা তাঁরা পারেননি।তবে আশা জাগানিয়া সূচনায় প্রথম দুটি পয়েন্ট পেয়েছিল বাংলাদেশই। যদিও পূজা ঠাকুর, অনু রানিদের দক্ষতায় খানিক পরেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। বাংলাদেশের পয়েন্ট বেড়েছে গাণিতিক হারে, আর ভারতের যেন চক্রবৃদ্ধি হারে, ২-০ থেকে ৩-৬, ৬-১৫, ৮-২১, প্রথমার্ধ শেষে ৮-২৩।‘হারানোর আর কিছু নেই, নিজেকে উজাড় করে খেল’—বিরতির সময় কোচের দেওয়া মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ দ্বিতীয়ার্ধে খেলেছেও দারুণ। ভারত যখন পয়েন্ট বাড়িয়েছে ৭, বাংলাদেশ তখন ১০। তবে প্রথমার্ধের ব্যবধানই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল।ম্যাচের ফলাফলে তাই খুব একটা হতাশ হয়নি বাংলাদেশের মেয়েরা। ছিল শুধু ওই পর্যাপ্ত অনুশীলন না পাওয়ার আক্ষেপ। সঙ্গে আরেকটা আক্ষেপও আছে বাংলাদেশের কোচের, ‘ম্যাচের ফলাফলে আমার কোনো হতাশা নেই। রুপাই আমাদের লক্ষ্য ছিল। তবে ফাইনালে দলের খেলায় আমি খুব একটা সন্তুষ্ট নই। আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে।’‘ভারত মাতা কি জয়!’ বলে ভারতীয়রা যখন উত্সব করছে বাংলাদেশের মেয়েদের মুখগুলো খুব একটা নিষ্প্রভ ছিল না। চমক দেখাতে না পারার হতাশার চেয়ে যে প্রত্যাশা পূরণের স্বস্তিটাই বড়!