মহিলা ক্রিকেটারদের পুরস্কার
একটু দেরিতে হলেও সাফল্যের স্বীকৃতি পেল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম হয়ে ওয়ানডে মর্যাদা পাওয়া এই দলের খেলোয়াড়দের কাল পুরস্কৃত করেছে বিসিবি।পুরস্কার হিসেবে দলের প্রত্যেক খেলোয়াড়কে বিসিবি দিয়েছে এক লাখ টাকা করে। এ ছাড়া বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের পক্ষ থেকে ৫ লাখ এবং প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে দলকে। সব মিলিয়ে দলের প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন ১ লাখ ৭১ হাজার টাকা করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়া হবে ক্রিকেটারদের।২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। ছেলেদের বিশ্বকাপের পাশাপাশি হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। স্বাগতিক হিসেবে ওই টুর্নামেন্টে বাংলাদেশ মহিলা দলও খেলার সুযোগ পাবে বলে জানিয়েছেন মুস্তফা কামাল। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভাতেই নাকি হয়েছে সিদ্ধান্তটা।