মহিলা ক্রীড়া উৎসবে এবার নতুন রং
তথ্যটা বেশ চমকপ্রদ। ১৯৭৪ সালে জন্ম নেওয়া ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা দীর্ঘ ৩৮ বছর পর কালই প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এল। উপলক্ষটা পুরোনোই। প্রতিবছরের মতো এবারও মহিলা ক্রীড়া উৎসব করছে এই সংস্থা। আজ ও আগামীকাল যেটি হচ্ছে ধানমন্ডি সুলতানা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। উৎসবের শুরু সকাল ১০টায়। তবে এটি কততম উৎসব সেটি বলতে পারলেন না আয়োজকেরা। আসলে এত দিন নীরবেই এ উৎসবটা হতো। এবার আয়োজকেরা ভাবলেন, সবাইকে জানিয়ে করা দরকার। নইলে কেউ এমন আয়োজনের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এ কারণেই ঘটা করে সংসাদ সম্মেলন। তা ছাড়া এই প্রথম একটা স্পনসরও মিলেছে। আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ওয়ালটন। তাই অন্যবারের চেয়ে এবারের আয়োজনে থাকছে কিছুটা রঙের ছোঁয়া। অ্যাথলেটিকস, হ্যান্ডবল, ভলিবল ও কাবাডি—এ চারটি খেলার প্রতিযোগিতা। ঢাকা বিভাগের ১৭টি জেলাকে চারটি অঞ্চলে ভাগ করে (ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও জামালপুর) প্রাথমিক পর্বের খেলা হয়েছে। অ্যাথলেটিকস বাদে বাকি তিনটি খেলায় আঞ্চলিক চ্যাম্পিয়ন চারটি দল চূড়ান্ত প্রতিযোগিতায়। সব মিলিয়ে দেড় শ খেলোয়াড় আসছেন উৎসবের মোড়কে আয়োজিত প্রতিযোগিতায়। সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বছরে পাওয়া এক লাখ টাকা অনুদান দিয়ে কিছুই হয় না। এবার একটা স্পনসর পাওয়ায় সবাইকে জানিয়ে আয়োজনটা করতে পারছি।’সংস্থার কোষাধ্যক্ষ হামিদা বেগম যোগ করেন, ‘প্রত্যন্ত গ্রামের মেয়েরা এখানে এসে খেলবে। তারা চায় সবার একটু ভালোবাসা। আমরা তো সেভাবে কিছুই দিতে পারি না এই মেয়েদের। তবু তারা আসে, খেলে। এটা অনেক বড় ব্যাপার।’সংবাদ সম্মেলনে ছিলেন এই উৎসবের ভলিবল কমিটির আহ্বায়ক পারভীন লায়লা, অ্যাথলেটিকসের আহ্বায়ক রাজিয়া সুলতানা, হ্যান্ডবলের আহ্বায়ক তাসনিম আকবরী। ওয়ালটন প্রতিনিধি ইকবাল বিন আনোয়ার আগামী সময়েও এমন আয়োজনে সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।