মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এবার বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ক্রীড়া কার্যক্রম ছাড়া কত কী যে হবে! সম্প্রতি সংস্থার মাঠ গায়েহলুদের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। পত্রিকায় রিপোর্ট ছাপা হওয়ার পর তা বন্ধ হয়েছে। বাকি ছিল বিয়ের জন্য ভাড়া দেওয়া। সেটিও দিয়েছে মাঠের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ!আগামী ৭ অক্টোবর মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে রেজাউল করিম আনসারী নামের এক ভদ্রলোককে। তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান হবে সেখানে। রেজাউল করিমকে লেখা চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হাইয়ুল কাইয়ুম বলেছেন, ‘...বিয়ে অনুষ্ঠানের জন্য অগ্রিম জমা প্রদান সাপেক্ষে বরাদ্দপত্র গ্রহণের অনুরোধ করা হলো।’ এক দিনে মাঠের ভাড়া ৫০ হাজার টাকা। অগ্রিম ১০ হাজার টাকা।মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার এ নিয়ে ক্ষুব্ধ, ‘বারবার অনুরোধ সত্ত্বেও বিয়ে-গায়েহলুদ-কনসার্টের জন্য মাঠ বরাদ্দ দিয়ে যাচ্ছে ক্রীড়া পরিষদ। এতে মাঠের ক্ষতি হয়। মাঠ আর মাঠ থাকে না। এগুলো বন্ধ হওয়া জরুরি।’সংস্থার আপত্তি সত্ত্বেও এ মাসেই একটা কনসার্টের অনুমতি দেওয়া হয়েছে। অথচ এই মাঠে মহিলা ফুটবল লিগের জন্য দলগুলো অনুশীলন করে। অনেকেই বলছেন, মাঠে যদি এসবই হয়, তাহলে মেয়েদের খেলাধুলা বন্ধই করে দিক সরকার!