মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ‘গায়েহলুদ’!
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এত দিন খেলার বাইরে নানা সামাজিক অনুষ্ঠান হয়েছে। এ নিয়ে মহিলা ক্রীড়া সংস্থার তীব্র আপত্তি ছিল। তাই বলে কখনো এখানে বিয়েশাদির অনুষ্ঠান হয়নি। এবার সেটিও হচ্ছে!গত ১৫ নভেম্বর আনন্দ গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহেল বারীকে লেখা চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী ক্রীড়া পরিচালক রাবেয়া খাতুন বলেছেন, ‘আবদুল্লাহেল বারীর বড় মেয়ের গায়েহলুদ অনুষ্ঠান আয়োজনের নিমিত্তে আগামী ৩১ ডিসেম্বর, ২০১০ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠ এক দিনের ভাড়া ও জামানতের অর্থ পরিষদের রাজস্ব শাখায় জমা হওয়ায় কমপ্লেক্সের মাঠ শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হলো।’গায়েহলুদ অনুষ্ঠানের আগে আছে যুবমেলা। কাল বিকেলে মহিলা কমপ্লেক্সে গিয়ে দেখা গেল, বাঁশ-টাশ পুঁতে সেটিরই প্রস্তুতি চলছে। বিশাল এক শামিয়ানাও তৈরি। অথচ ১২ ডিসেম্বর কক্সবাজারে প্রথম মহিলা সাফ ফুটবলের প্রস্তুতির জন্য এই মাঠটা খুব প্রয়োজন ছিল বাংলাদেশ দলের!বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ বাংলাদেশ দল অনুশীলন করতে গেছে বটে, কিন্তু ভুটান দলকে সুযোগ দিতে বাংলাদেশের অনুশীলন ভালোভাবে হয়নি।এই মাঠের বহুমুখী ব্যবহারের আরও নমুনা আছে। মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে ১১ ডিসেম্বর হ্যান্ডবল ফেডারেশনের ‘অফিশিয়াল ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। ২১তম জাতীয় মহিলা হ্যান্ডবলের সফল সমাপ্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ক্রীড়া পরিষদের অনুমতি নিয়েছে হ্যান্ডবল ফেডারেশন।মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার (কিরণ) এ অবস্থা থেকে মুক্তি পেতে মহিলা ক্রীড়া সংস্থার স্বায়ত্তশাসন দেওয়ার দাবি তুলেছেন আগেই। কাল তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ‘মন্ত্রী-এনএসসি সচিবকে বারবার অনুরোধ করেছিলাম মহিলা কমপ্লেক্সে খেলা ছাড়া অন্য কোনো অনুষ্ঠানের অনুমতি না দিতে। কিন্তু তারা দিয়েই যাচ্ছে। যুবমেলা, বিয়ে, ডিনার কী হচ্ছে না এখানে! যুবমেলা আয়োজনের কোনো চিঠি পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। সাফ মহিলা ফুটবলে খেলার প্রস্তুতি নেওয়া বাংলাদেশ দল এখন কোথায় অনুশীলন করবে?’‘বাস্কেটবল কোর্টের পাশেই ড্রেসিংরুম করা হয়েছে মেয়েদের জন্য। কিন্তু সেটি এখন ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার অফিস। যেটিতে বেশির ভাগ সময়ই থাকে তালা! এক পাশের টিনের দেয়ালে বড় বড় ফাঁক, রাতে বখাটেরা অনায়াসে কমপ্লেক্সে ঢুতে পারে। মেয়েদের কোনো নিরাপত্তা নেই। এভাবে তো একটা কমপ্লেক্স চলতে পারে না’—মাহফুজার এ কথার সঙ্গে দ্বিমত নেই মহিলা ক্রীড়াঙ্গনের কারোরই। ক্রীড়া পরিষদ সচিব শফিক আনোয়ার বলছেন, ‘যুবমেলার ব্যাপারে আমি কিছু জানি না। খোঁজ নিচ্ছি। আর গায়েহলুদ তো মাঠে হবে না, শেডের নিচে হবে। তা ছাড়া এসব থেকে রাজস্ব আসে, যা ক্রীড়া উন্নয়নে খরচ হয়।’