মহিলা ক্রীড়া দিবস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি স্টেডিয়ামই ঢিল ছোড়া দূরত্বে। বঙ্গবন্ধু স্টেডিয়াম, পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম এবং পাশেই কাবাডি স্টেডিয়াম। সারা দেশ থেকে আসা কয়েক শ মেয়ের কলরবে কাল গোটা এলাকা ছিল জমজমাট। এমনই যে, দিনটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ‘মহিলা ক্রীড়া দিবস’ হিসেবে স্বীকৃতি পেতে পারে! বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম মহিলা ফুটবল লিগ। বাংলাদেশের মহিলা ফুটবলের সাত বছরের ছোট্ট ইতিহাসে সোনার অক্ষরে লিখে রাখার মতো এক দিন। কয়েক বছর আগেও দেশে ছেলেদের লিগই ছিল অনিয়মিত। মেয়েদের ফুটবল লিগ কল্পনাও করা যেত না। সব বাধা পেরিয়ে কাল প্রথম মহিলা ফুটবল লিগের উদ্বোধন হলো। হ্যান্ডবল স্টেডিয়ামে কালই শুরু হয়েছে জাতীয় মহিলা হ্যান্ডবল। কাবাডি স্টেডিয়ামে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ। একই দিনে মেয়েদের তিনটি অন্যতম প্রধান খেলার সর্বোচ্চ প্রতিযোগিতা। মেয়েদের হ্যান্ডবলটা অবশ্য মিরপুর ইনডোরেও হয়েছে। ফুটবল, হ্যান্ডবল, কাবাডি—তিনটি মাঠ ঘুরে একটা দৃশ্যই বেশি চোখ কেড়েছে। অনেক নতুন মেয়ের আগমন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ঢাকার বাইরের অনেক দল আসে। অনেক মেয়ে ক্রীড়াবিদেরই জীবনে প্রথম ঢাকায় আসা। সবকিছুই তাদের কাছে নতুন লাগে। সেই মুগ্ধতায় ছবি তোলারও ধুম পড়ল।হ্যান্ডবল মাঠে ছোট্ট এক কিশোরীর কাছে জানতে চাওয়া—ঢাকায় প্রথম এসেছ? ষষ্ঠ শ্রেণীর ছাত্রী গাইবান্ধার মেয়ে শ্রাবণী কথা বলতে লজ্জা পাচ্ছিল। কোনো সাংবাদিক তার সঙ্গে কথা বলবে, এটা তার কাছে অবিশ্বাস্য ব্যাপার। দুই-তিনবার জিজ্ঞেস করার পর শ্রাবণী বলল, ‘হ্যান্ডবল আগে খেলিনি। এই প্রথম খেলব।’‘এই প্রথম খেলব’—কথাটা শোনা গেল আরও অনেকের মুখেই। বিশেষ করে পড়ন্ত বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মাঠে তখন দীপালির বিপক্ষে ৩-০ গোলে গোলে এগিয়ে শেখ জামাল। ৮ দলের মহিলা ফুটবল লিগের দল ওয়ারীর কোচ এমদাদুল হক ওই সময় মাঠে এসেছেন তাঁর দলের মেয়েদের নিয়ে। বেশির ভাগই ট্র্যাকস্যুট পরা। দুই-তিনজনের পরনে সালোয়ার-কামিজ। এরা এসেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখার পাশাপাশি প্রথম ম্যাচটা দেখে একটু ধারণা নিতে। বাফুফের মহিলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলামের ছোট ভাই এমদাদুল সাংবাদিকদের সঙ্গে আড্ডায় তুলে আনলেন অনেক অজানা কথা। জানালেন, ‘যশোরে নীরবেই মেয়েদের অনুশীলন করাই। আমার হাত দিয়ে অনেক মেয়ে জাতীয় পর্যায়ে খেলেছে। এই প্রতিযোগিতার জন্য নড়াইল, যশোর, সুজলপুর, ঝুমঝুমপুর, ফরিদপুর থেকে মেয়ে সংগ্রহ করেছি। এরা অনেকে নতুন। তবে আস্তে আস্তে ভালো করবে আশা করি।’ততক্ষণে দীপালিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছেড়েছে ফেবারিট শেখ জামাল। জাতীয় দলের খেলোয়াড়সমৃদ্ধ শেখ জামালের হলুদ-নীল জার্সি গায়ে দুটি গোল করেছেন সাবিনা খাতুন। শারমিন আক্তার ও চিং মারমার একটি করে গোল। প্রথম কুড়ি মিনিটেই গোলরক্ষকের দুর্বলতায় শেখ জামাল ৩-০ করে ফেলে। শেষ গোলটি শেষ মুহূর্তে খেয়েছে দীপালি। দীপালির মেয়েদের ম্যাচের পর বাহবা দিলেন অনেকেই। বাজেট কম, সময় অল্প। তাই ১৬ দলের তিন দিনের কাবাডিতে প্রথম দিনেই ৮টি ম্যাচ। দুটি করে ম্যাচ জিতেছে বিজেএমসি, আনসার। একটি করে জিতেছে কুষ্টিয়া আর রাজশাহী। হ্যান্ডবলে দুই মাঠ মিলিয়ে ম্যাচ হয়েছে মোট ১৯টি! তিন খেলায় মোট ২৮ ম্যাচ! খেলতে এসে খেলোয়াড়দের কত আবেগ-অনুভূতি। কাবাডি মাঠে দাঁড়িয়ে বিজেএমসির খেলোয়াড় ফারহানা সুলতানা (শীলা) বললেন, ‘খেলা হচ্ছে ঠিকই। কিন্তু খেলে কোনো লাভ দেখছি না। ফেডারেশনে অনেক স্বজনপ্রীতি। মেয়েদের খেলাধুলার জন্য পরিচ্ছন্ন একটা ক্রীড়াঙ্গন চাই আমরা।’এই দাবি তোলার জন্য উপযুক্ত দিনই বেছে নিয়েছেন ফারহানা। কাল যে ছিল ‘মহিলা ক্রীড়া দিবস’!