মহিলা ক্রীড়া সংস্থা অচল!
নির্বাচিত কমিটি ভাঙা নিয়ে মহিলা ক্রীড়া সংস্থা দেড় মাস ধরে অচল! মেয়েদের খেলাধুলাও তাই কার্যত বন্ধ।সাবেক খেলোয়াড় এবং সংগঠক হামিদা বেগম বলছেন, ‘এখন খেলার মৌসুম। স্কুল-কলেজ বন্ধ। অথচ এ সময়টা মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম বন্ধ থাকা বিস্ময়কর। আমরা সংগঠকেরা নই, ভুক্তভোগী হচ্ছে আমাদের মেয়েরা।’গত ৩ নভেম্বর হঠাৎই মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙে দেয় সরকার। নির্বাচিত কমিটি তাদের অপসারণ অবৈধ দাবি করে থানায় জিডি করেছিল। তারা সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করেছে বলে জানা গেছে। তারপর নানা ঘোরপ্যাঁচে পড়ে মহিলা কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দিয়েছে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ)। কাল সরেজমিন মহিলা কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এটি প্রাণহীন পড়ে আছে। খেলা-অনুশীলন কিছুই নেই। সংস্থায় বাতি জ্বালানোর জন্য আছেন প্রশাসক, তিনি আর কী করবেন—কমপ্লেক্স পাহারা দেওয়া ছাড়া! ওদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংস্থার নিজস্ব কর্মচারীরা। কার্যক্রম বন্ধ থাকায় তাঁরা বেতনও পাচ্ছেন না!এ অবস্থায় নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার (কিরণ) ক্ষুব্ধ, ‘মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত কমিটি বহাল করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশেই এখানে তালা ঝুলছে। অথচ আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এ জন্যই মেয়েদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে।’অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানার দাবি, ‘আগের কমিটি দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় এ অবস্থা হয়েছে।’