মহিলা ক্রীড়া সংস্থা নিয়ে আদালতের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ক্রীড়া সংস্থার ঘটনাপ্রবাহ অন্যদিকে মোড় নিয়েছে। গত ৩ নভেম্বর নির্বাচিত কমিটি বিলুপ্ত করার পর অচলাবস্থা চলছে সেখানে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচিত কমিটি হাইকোর্টে রিট আবেদন করেছিল দায়িত্ব ফিরে পাওয়ার জন্য। পরশু বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খোরশেদ আলম সরকারের বেঞ্চ রুল জারি করেছেন। রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত তা নির্বাচিত কমিটির পক্ষেই গেছে। কাল মহিলা ক্রীড়া সংস্থায় সংবাদ সম্মেলন করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচিত কমিটি। সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার সাংবাদিকদের হাতে আদালতের জারি করা রুলের একটা কপি দিয়েছেন। তাতে বলা হয়েছে, নির্বাচত কমিটি ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত দুটি অ্যাডহক কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না। এ ছাড়া নির্বাচিত কমিটিকে কেন অফিস করতে দেওয়া হচ্ছে না, তা তিন সপ্তাহের মধ্যে চার বিবাদীকে জানাতে বলেছেন আদালত। বিবাদী জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, এনএসসি সচিব এবং মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী। বাদীপক্ষের আইনজীবী মাসুদ সোবহানের লিখিত বক্তব্যও এ সময় সাংবাদিকদের দেওয়া হয়। তিনি জানিয়েছেন, এই রুলের ভিত্তিতে অ্যাডহক কমিটির কোনো আইনগত অস্তিত্ব নেই। আদালত অন্য কোনো আদেশ না দেওয়া পর্যন্ত সংস্থার কর্মকাণ্ড পরিচালনার অধিকার একমাত্র নির্বাচিত কমিটিরই। কাজেই সংস্থার দায়িত্ব বুঝে নিতে তাদের সামনে কোনো বাধা নেই।সেই সূত্রে গতকাল সকালেই নির্বাচিত কমিটির কর্মকর্তারা সংস্থায় যান। তবে সকালে পুলিশ তাঁদের ভেতরে ঢুকতে বাধা দিয়েছে বলে নির্বাচিত কর্মকর্তারা অভিযোগ করেছেন। যদিও শেষ পর্যন্ত ওই কর্মকর্তারা ঢুকেছেন ভেতরে।সংস্থার দায়িত্ব বুঝে নিতে হবে ক্রীড়া পরিষদের কাছ থেকে। তার আগে ক্রীড়া পরিষদকে আদালতের আদেশের কথা জানতে হবে। এটাই আইন। নির্বাচিত কমিটির দাবি, আদালতের আদেশ সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো হয়েছে। তবে পরিষদের আইন কর্মকর্তা কবিরুল ইসলাম বলেছেন, ‘আদালতের রুলের কথা আমরা শুনেছি। তবে কোনো কপি পাইনি। আদালতের কপি পেলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।’