মহিলা ক্রীড়া সংস্থায় আবারও অস্থায়ী কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কমিটিকে বহাল করতে না পেরে আরেক কমিটি গঠন। জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা নিয়ে নাটকের আরেকটি পর্ব। দুই কমিটির দ্বন্দ্বের জেরে দীর্ঘ সাড়ে চার মাস ধরে অচল মহিলা ক্রীড়া সংস্থায় কাল গঠন করা হয়েছে আরেকটি অন্তর্বর্তীকালীন কমিটি! গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত সাত সদস্যের এই কমিটির সভাপতি ছাড়া বাকি সবাই সরকারি কর্মকর্তা। ৬০ দিনের মধ্যে ঝঞ্ঝাবিক্ষুব্ধ মহিলা ক্রীড়া সংস্থায় নির্বাচন করার দায়িত্ব এ কমিটির। তবে কমিটির কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। নতুন কমিটি সভাপতি পুরোনো মুখ রাফিয়া আক্তার (ডলি)। সাধারণ সম্পাদক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব পারভীন বানু। পাঁচজন সদস্য—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী প্রধান সাবিকুন্নাহার শারমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক চায়না ব্যানার্জি, মহিলা ক্রীড়া সংস্থার প্রশাসক আয়েশা বেগম, এনএসসির সহকারী পরিচালক সৈয়দা তাসলিমা আক্তার ও এনএসসির কর্মকর্তা শামীম আরা খানম।গত ২ নভেম্বর মহিলা ক্রীড়া সংস্থায় হঠাত্ই ‘ঝড়’ শুরু। বিতর্কিতভাবে নির্বাচিত কমিটি বাতিল করে অন্তর্বর্তীকালীন কমিটি করে সরকার। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার হকির এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, নির্বাচিত কমিটি ভাঙার এখতিয়ার নেই তাঁর। এটা বলার কয়েক দিন পরই ভেঙে দেওয়া হয় মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি।অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডানার নেতৃত্বে কর্মকর্তারা পরদিনই সংস্থায় যান। তবে নির্বাচিত কমিটি তাঁদের অপসারণ মেনে না নেওয়ায় জল গড়ায় ভিন্ন দিকে। বিষয়টি প্রধানমন্ত্রী পর্যন্ত গেলে অন্তর্বর্তীকালীন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিতে পারেনি এনএসসি। পরে ধানমন্ডি সুলতানা কামাল সংস্থায় তালা ঝুলিয়ে দেয় খোদ এনএসসি। নিজের ঘরে নিজেই তালা মারা! বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা।অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা দেরিতে হলেও নির্বাচনের উদ্যোগে খুশি, ‘এটা ভালো পদক্ষেপ। ৬০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন আশা করছি।’ তবে নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা আক্তারের তাত্ক্ষণিক মন্তব্য, ‘যা বলার আগামীকাল (আজ) বলব।’