মহিলা ক্লাব ক্রিকেটে মোহামেডানই সেরা
২০০৯-এ শুরু, সেবার তারা চ্যাম্পিয়ন। পরের বছর ফাইনালে আনসার ও ভিডিপির কাছে হার। পরের দুই বছর আবার চ্যাম্পিয়ন। চারবারের মধ্যে তিনবারই মহিলা ক্লাব ক্রিকেট লিগে শিরোপার হাসি মোহামেডানের মেয়েদের মুখে। এটিকে তাই অনায়াসেই ‘মোহামেডানের টুর্নামেন্ট’ বলে ফেলা যায়!গতকাল বিকেএসপিতে চতুর্থ আসরের ফাইনালে অনায়াস জয়ই পেয়েছে মোহামেডান। গুলশান ইয়ুথ ক্লাবকে হারিয়েছে ৫২ রানে। মোহামেডানকে বলতে গেলে একাই জিতিয়েছেন ওপেনার শুকতারা। ব্যাট হাতে ফিফটি করেছেন, বল হাতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট। শুকতারার ৬৭ রানের সৌজন্যে বিকেএসপিতে আগে ব্যাট করা মোহামেডান ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছিল ১৫৮। জবাবে ৩৬.১ ওভারে ১০৬ রানে অলআউট গুলশান ইয়ুথ। সর্বোচ্চ রান শাহনাজ পারভীনের অপরাজিত ৩৬। ৬.১ ওভার বল করে ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন মোহামেডানের শুকতারা। পরপর দুই ওভারে পাঁচ বলের মধ্যে এসেছে এই ৪ উইকেট।