মহিলা ফুটবল দলের লক্ষ্যহীন যাত্রা
এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের বাছাইপর্বে খেলতে গত রাতে মালয়েশিয়া গেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের দুটি ম্যাচ ভারত এবং উজবেকিস্তানের সঙ্গে ২০ ও ২৪ অক্টোবর। বাংলাদেশের র্যা ঙ্কিং ১৫১, ভারতের ৫২, উজবেকিস্তানের ৪১। কাজেই বাংলাদেশের মেয়েদের জন্য এই সফর অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ ছাড়া আর কী! এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে দ্বিতীয়বার খেলছে বাংলাদেশ। ২০১০ সালে ঢাকায় বাংলাদেশ দল তিনটি গ্রুপ ম্যাচেই হারে বড় ব্যবধানে। জর্ডান, ইরান ও ভারতের কাছে হার ছিল ১-৬, ০-৬ ও ০-৬ গোলে। এই পরিসংখ্যানই বলছে বাংলাদেশের মেয়েদের সামর্থ্য কতটা।১৮ জন খেলোয়াড়ের মধ্যে ১১ জনেরই এর আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। তার ওপর এই দলটাকে প্রস্তুতি ম্যাচও খেলানো হয়নি। মাস তিনেক ধরে এই খেলোয়াড়েরা খেলার মধ্যে থাকলেও ম্যাচ খেলার অনভিজ্ঞতা ভোগাতে পারে দলটিকে। নিজেদের সামর্থ্য বিবেচনায় রেখে ‘যতটা সম্ভব ভালো খেলা’র গানই গাইছে বাংলাদেশ দল। কোনো লক্ষ্য নেই। গ্রুপ থেকে একটি দল যাবে পরের রাউন্ডে, বাংলাদেশের পক্ষে পরের রাউন্ডে যাওয়া বলতে গেলে অসম্ভবই। কোচ গোলাম রব্বানি কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘প্রতিপক্ষ দলগুলো অনেক শক্তিশালী। আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভালো খেলতে।’ অধিনায়ক সুরভি আক্তারের কথা, ‘প্রতিপক্ষ শক্তিশালী। আমাদের লড়াই করতে হবে।’ পরক্ষণেই তাঁর কণ্ঠে আক্ষেপ, ‘আমাদের খেলাটা বাংলাদেশের মানুষ দেখে না। আমরা এখন ভালো খেলি।’সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।