মহিলা ফুটবল দলের শ্রীলঙ্কা-যাত্রা
কক্সবাজারে দুই বছর আগে প্রথম মহিলা সাফ ফুটবলের সেমিফাইনালে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। কিন্তু এবার আর তারা সেমিফাইনাল থেকে বিদায় নিতে চায় না। ‘অন্তত ফাইনালে যেতে চাই’—অধিনায়ক তৃষ্ণা চাকমা, কোচ গোলাম রব্বানির মুখে একই কথা। দ্বিতীয় সাফ ফুটবলে খেলতে আগামীকাল কলম্বো রওনা হবে বাংলাদেশ মহিলা দল। তার আগে কাল ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রত্যয় জানাল দল। ৭ থেকে ১৬ সেপ্টেম্বর কলম্বোয় হবে দ্বিতীয় মহিলা সাফ ফুটবল।‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কা ও ভুটান। ৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল সাড়ে আটটায়। ৯ সেপ্টেম্বর ভুটান ও ১১ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ।টুর্নামেন্টে ভারতকেই সবচেয়ে সমীহ করছে বাংলাদেশ। কোচ গোলাম রব্বানি বললেন, ‘শুরুতেই কঠিন প্রতিপক্ষ। ভারতের সঙ্গে জিতব, সেটা আশা করি না। তবে গ্রুপের অন্য দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে যেতে চাই।’ দলের সবচেয়ে বড় ভরসা সাতক্ষীরার মেয়ে সাবিনা খাতুন। ঘরোয়া ফুটবলে মুড়ি-মুুড়কির মতো গোল করা এই স্ট্রাইকার শ্রীলঙ্কায় নিজেকে উজাড় করে দিতে চান, ‘লিগে আমি ভালো করেছি। অনুশীলন ম্যাচেও গোল পেয়েছি। আশা করছি শ্রীলঙ্কায় ভালোই খেলব।’মাত্র এক মাসের অনুশীলনে শক্ত কোনো প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে জাতীয় দল। তবে এতে সন্তুষ্ট নন অধিনায়ক তৃষ্ণা, ‘আরও বেশি ম্যাচ খেলতে পারলে ভালো হতো।’ কিন্তু বাফুফে দোহাই দিয়েছে আর্থিক সীমাবদ্ধতার। বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলামের কথা, ‘এই এক মাসের ক্যাম্প চালাতেই খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।’ খেলোয়াড়েরা সবাই থেকেছেন বাফুফের ডরমিটরিতে, অনুশীলন করেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ও অ্যাস্ট্রো টার্ফে।