মহিলা ফুটবল লিগের জৌলুশ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবার ছিল পাঁচটি দল, এবার আটটি। বেড়েছে খেলোয়াড়দের পারিশ্রমিকও। গত বছর খেলোয়াড়েরা ২০-৩০ হাজার টাকা করে পেয়েছেন। এবার বেশ কয়েকজন খেলোয়াড় পাচ্ছেন প্রায় লাখ টাকার মতো। দ্বিতীয় মহিলা ফুটবল লিগ মাঠে নামার আগে তাই খেলোয়াড়দের মুখে হাসি। পরশু থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে এই লিগ। স্পনসর ওয়ালটনের চাহিদা মেনে সব ম্যাচই হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। লিগটা মাত্র ১১ দিনের, ফাইনাল ৫ মার্চ। বেলা সাড়ে তিনটায় উদ্বোধনী ম্যাচ খেলছে মোহামেডান-আরামবাগ। গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল নাম প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু আবাহনী নাম লিখিয়ে নতুন আকর্ষণ যোগ করেছে। আছে মোহামেডানও। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই এই লিগকে দেবে ভিন্ন মাত্রা। আকর্ষণ বাড়াতে এবার বিদেশি খেলোয়াড় (তিনজন) আনার অনুমতি দিয়েছে বাফুফে। আবাহনী ভারত ও নেপালে যোগাযোগ করেছে বিদেশি খেলোয়াড়ের জন্য। ‘ক’ গ্রুপে মোহামেডান, দিপালী, যাত্রাবাড়ী ও আরামবাগ। ‘খ’ গ্রুপে আবাহনী, সকার, বাংলাদেশ পুলিশ ও নাসরিন স্পোর্টিং একাডেমি। কাল সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা কমিটির প্রধান সিরাজুল ইসলাম ও কো-চেয়ারম্যান মাহফুজা আক্তারের আশাবাদ, ভবিষ্যতে এই লিগ আরও জমজমাট হবে।