মহিলা বিশ্বকাপে কাবাডি দল
প্রথম আমন্ত্রণমূলক মহিলা বিশ্বকাপ কাবাডিতে খেলতে আজ ভারতের বিহারে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ১-৪ মার্চ পাটনায় হবে মহিলাদের কাবাডির মহাযজ্ঞ। আয়োজক ভারতের আমন্ত্রণেই মূলত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।মাত্র দেড় মাসের অনুশীলন নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন শাহনাজ পারভীনরা। ১৬ দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে, সেটা এখনো নিশ্চিত নন কোচ আবদুল জলিল, ‘পুরো ব্যাপারটা নিয়ে এখনো অন্ধকারে আছি। কাল (আজ) সকালে ঢাকা ছাড়ব। বিহারে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেতে পারে। দেরির কারণে ম্যানেজার্স মিটিংও মিস করতে পারি।’ তবে সেমিফাইনাল অবধি যাওয়ার প্রত্যাশা জলিলের, ‘আমাদের অনুশীলন বেশি না হলেও সেমিফাইনালে খেলতে চাই। তবে ভারত, থাইল্যান্ড ও ইরানের মতো কঠিন প্রতিপক্ষ এড়াতে হবে।’চার গ্রুপে ভাগ হয়ে খেলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইতালি, কানাডা, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইরান, বাংলাদেশ, চীন, তুর্কমেনিস্তান ও ভারত। প্রতি গ্রুপ থেকে দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে।