মহিলা লিগে খেলছেন পুরুষ খেলোয়াড়!

পার্ক উন-সিয়েনকে দক্ষিণ কোরিয়ার মহিলা লিগের মেসি বা রোনালদো বলেই ডাকা যেতে পারে। সিউল সিটির এই স্ট্রাইকার গত মৌসুমের ২৩ ম্যাচে করেছিলেন ১৯ গোল। জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবারই নজর কেড়ে নিয়েছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
কিন্তু একের পর এক গোল করে মেসি-রোনালদোরা যেখানে প্রশংসায় ভাসেন, সেখানে উল্টো তোপের মুখে পড়তে হয়েছে পার্ককে। লিগের প্রতিপক্ষ দলগুলোর অনেকেরই ধারণা, সিউল সিটির এই স্ট্রাইকার আসলে পুরুষ, ছদ্মবেশে খেলছেন মহিলা লিগে। খুব দ্রুতই পার্কের লিঙ্গ পরীক্ষার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া মহিলা লিগের ছয়টি ক্লাব। সেটা করা না হলে লিগ বর্জনের ঘোষণাও দিয়েছে তারা।
সিউল স্পোর্টস কাউন্সিল অবশ্য ইতিমধ্যেই এমন দাবি নাকচ করে দিয়েছে। কিন্তু সত্যি সত্যিই যদি ছয়টি দল লিগ বর্জন করে, তাহলে হয়তো পদক্ষেপ নিতেই হবে লিগ পরিচালকদের।
লিঙ্গ পরীক্ষার অভিজ্ঞতাটা অবশ্য পার্কের নতুন না। ১৫ বছর বয়সেও এ ধরনের একটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল পার্ককে। তবে এত দিন পর প্রতিপক্ষ দলগুলোর এমন আচরণে ‘অপমানিতই’ বোধ করছেন তিনি। তার পরও আগামী দিনে এভাবেই গোল করে যাওয়ার দিকেই লক্ষ্য এই বিতর্কিত তারকার।