মহিলা শাটলাররা উপেক্ষিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ এসএ গেমসে মিশ্র দ্বৈতের ব্রোঞ্জজয়ী দলে ছিলেন। পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জেতা মহিলা দলেও খেলেছেন শাপলা আক্তার। বাংলাদেশের ব্যাডমিন্টনের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় শাপলা গত বছর দ্বিমুকুট জিতেছেন সামার ওপেনে। পরে বাংলাদেশ গেমসের মহিলা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন। অথচ ফেডারেশন থেকে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগই পান না পাবনার মেয়েটি! শুধু শাপলাই নন, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে অন্যান্য মহিলা শাটলারদেরও উপেক্ষা করেছে ফেডারেশন।
ইনচনে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ও গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের জন্য প্রথমবারের মতো ব্যাডমিন্টন দল পাঠাচ্ছে বাংলাদেশ। কিন্তু দুটি গেমসের কোনোটিতেই মহিলা শাটলাররা নেই। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের জন্য অনুশীলন করছেন আইমান ইবনে জামান ও এনামুল হক। এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছেন রইস উদ্দিন ও আহসান হাবিব।
মহিলা খেলোয়াড়দের কেন পাঠানো হচ্ছে না? ফেডারেশন যুগ্ম সম্পাদক গোলাম আজিজ জিলানীর ব্যাখ্যা, ‘আমাদের মেয়েদের লেভেল এখনো আন্তর্জাতিক মানের হয়ে ওঠেনি। প্রথমবারের মতো এত বড় আসরে ওদের পাঠিয়ে মোটেও বিব্রত হতে চাই না।’
সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা মনে করেন, ফেডারেশন কর্মকর্তাদের ক্ষোভের বলি মেয়েরা, ‘এই মুহূর্তে দেশের সেরা দুই খেলোয়াড় আমি ও শাপলা। আমরা দুজনই ক্লাব পর্যায়ে নিট কনসার্নের হয়ে খেলি। এই কমিটির অনেকের নিট কনসার্নের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব আছে। আমরা এই দ্বন্দ্বের শিকার। এ জন্যই আমাদের কাউকে দলে ডাকা হয়নি।’ গোলাম আজিজ অবশ্য এমন অভিযোগ মানতে নারাজ, ‘কোনো খেলোয়াড়ের সঙ্গে আমাদের ব্যক্তিগত রাগ-ক্ষোভ নেই। দেশের স্বার্থ ভেবেই এমন সিদ্ধান্ত। প্রথমবার যাচ্ছি, খারাপ ফল হলে যদি পরের বার বিওএ আমাদের আর সুযোগই না দেয়!’