মহিলা হ্যান্ডবল লিগ
এ বছরের মহিলা হ্যান্ডবল লিগ শুরু হয়েছে আগের দিন। কিন্তু প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলো কাল। হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেস্ট লুব্রিকেন্টসের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সুনীল কুমার দে।বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বেস্ট লুব্রিকেন্টসের পৃষ্ঠপোষকতায় ইউনাইটেড অয়েল মহিলা হ্যান্ডবল লিগে গতকাল ম্যাচ ছিল চারটি। বিকেল সাড়ে ৪টায় ‘উদ্বোধনী ম্যাচ’ হওয়ার আগেই নিষ্পত্তি হয়ে গেল তিন খেলার। বিকেলের ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব যাত্রাবাড়ী ক্রীড়াচক্রকে ৩০-১০ গোলে হারিয়েছে। এর আগে আরামবাগ ক্রীড়াচক্র ৩৬-৬ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে, মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ২৪-৩ গোলে ফ্লেইম গার্লস ক্লাবকে এবং আজাদ স্পোর্টিং ক্লাব ২৮-৬ গোলে রয়েল হ্যান্ডবল ক্লাবকে হারিয়েছে।