মহড়া যখন ভোগান্তি
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ডিসপ্লেতে অংশ নেওয়া স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন কষ্ট করে মহড়ায় আসছে। কিন্তু তাদের বাসায় ফিরতে হচ্ছে আরও শারীরিক ও মানসিক কষ্টের ধকল সয়ে। এই অভিযোগ ছাত্রছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকদের। ছাত্রছাত্রীদের দুর্ভোগের প্রতিকার করতে না পেরে শিক্ষকেরা ক্ষুব্ধ ও ব্যথিত। তাঁদের কাছে এটি এখন ‘ভোগান্তির মহড়া’।বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহড়ার জন্য অপেক্ষমাণ ছাত্রছাত্রীদের রাখা হয় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে। এটি নিছকই একটা গুদামঘর, যাতে কোনো ফ্যান-ট্যানের বালাই নেই। আলোও অপর্যাপ্ত। দুই হাজারের ওপরে ছাত্রছাত্রী গরমে সেদ্ধ হয়ে এখানে বসে থাকতে বাধ্য হয় ঘণ্টার পর ঘণ্টা।কাল তা উঠল চরমে। সকাল আটটায় এসেও আড়াইটা পর্যন্ত ডাক পড়েনি। তখন উদ্বোধনী অনুষ্ঠানের ‘ভারতীয় পর্ব’ শেষে কেবল ‘শ্রীলঙ্কা পর্ব’ শুরু হয়েছে। বাংলাদেশ পর্বটা কখন হবে তা কেউ জানে না! তাহলে সকাল আটটায় গুদামঘরে এনে অবর্ণনীয় কষ্টের মধ্যে ছাত্রছাত্রীদের ফেলে রাখা হলো কেন? প্রশ্নটা যেন গুমরে কেঁদে ফিরল জাতীয় ক্রীড়া পরিষদের বোবা দেয়ালে।অন্যতম বড় সমস্যা ‘খাবার-সংকট’। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের রিয়াসাত যেমন বলল, ‘খাবার ভালো না। আমরা স্কাউটিং করি, আমাদের ক্যাম্পেও এত বাজে খাবার দেয় না।’ তার সতীর্থ রাফাত যোগ করল, ‘এই গুদামঘরে খাওয়া যায় না। রাস্তায় বসে ধুলোবালির মধ্যে খেয়েছি। আমাদের এভাবে কষ্ট দেওয়ার মানে কী?’শিক্ষকেরা আর কী করবেন! বসে বসে ছেলেমেয়েদের দুর্ভোগ দেখছেন। এর-ওর কাছে যাচ্ছেন, কিন্তু প্রতিকার নেই। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জাহিদ চৌধুরীর ক্ষোভ, ‘বাথরুমে পানি নেই, খাওয়ার পানি অপ্রতুল। একবার ছেলেমেয়েদের স্টেডিয়ামের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, আবার ফেরত এনেছে। কী হবে কেউ কিছু বলতে পারছে না। এত অব্যবস্থাপনা আর কখনো দেখিনি। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। ডিসপ্লেটা শেষ পর্যন্ত করবে কে?’ধানমন্ডি সরকারি বালিকা স্কুলের শিক্ষিকা মঞ্জু রেখার বর্ণনায়, ‘২০টার বেশি স্কুলের প্রায় ২৪০০ ছেলেমেয়ে আনা হচ্ছে ডিসপ্লেতে। এটার শুরু গত ২৪ তারিখ থেকে। এত বড় আয়োজন অথচ অসুস্থ হয়ে পড়লে বাচ্চাদের জন্য যে প্রয়োজনীয় ওষুধ দিতে হবে, সেদিকে কারও খেয়াল নেই। চাইলে বলে শেষ হয়ে গেছে!’দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা চায় না এসব অব্যবস্থাপনার ছবি পত্রিকায় আসুক। স্কুলের ছেলেমেয়েদের অভিযোগ শোনা সাংবাদিকদের জন্য নিষিদ্ধ না হলেও তারা গায়ের জোরে নিষিদ্ধ ঘোষণা করল এবং এই প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহার করে বের করে দিল অডিটোরিয়াম থেকে। বিশ্বকাপ কি অদ্ভুত মস্তানি করার সুযোগ দিচ্ছে অনেককে?