মহড়াতেই এই আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতলে লাভ নেই। হারলেও ক্ষতি নেই। তার পরও সেই ম্যাচে টানটান উত্তেজনা। পেনাল্টি পেয়ে এগিয়ে যাওয়ার সহজতম সুযোগও নষ্ট করল বরুসিয়া ডর্টমুন্ড। এটা যেমন তাদের ব্যর্থতা, তেমনি সাফল্য হলো লিগে বায়ার্ন মিউনিখের টানা জয়ের রেকর্ডটা ১৫তম ম্যাচে অন্তত থামানো গেল। ১-১ ড্রয়ে, দুই পক্ষই সমতায় থেকেই সেরে নিল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘পোশাকি মহড়া’।১১ মিনিটেই স্বাগতিক বরুসিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন কেভিন গ্রসক্রেউৎজ। সেই গোল পরিশোধে ১১ মিনিট সময় নিয়েছেন মারিও গোমেজ। বায়ার্নের মূল গোলমেশিন যেমন গোল করে নিজেকে শাণিয়ে রাখলেন ওয়েম্বলির জন্য, ডর্টমুন্ডের গোলমেশিনও নিজেকে চোখা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলকে পোষ মানিয়ে ফেলা রবার্ট লেভানডফস্কি ৬০ মিনিটে পেনাল্টি মিস করেছেন। পেনাল্টি বক্সে হাতে বল লাগিয়ে ডর্টমুন্ডকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন বায়ার্নের জেরোম বোয়াটেং। কিন্তু সতীর্থের এই ভুলটাকে ঠিক সামলে নেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লেভানডফস্কির পেনাল্টি শট।বায়ার্নের লিগ আর ডর্টমুন্ডের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় আপাত-অগুরুত্বপূর্ণ ম্যাচেও নাটকের কমতি ছিল না। ৮০ হাজার দর্শকের উপচে পড়া গ্যালারিতে জমজমাট নাটকই হলো। ৬০ মিনিটে বায়ার্ন সমর্থকদের নাখোশ করা পেনাল্টি নিয়ে ছড়িয়ে পড়া উত্তেজনাকে চূড়ান্ত ধাপে পৌঁছে দিয়ে ৬৪ মিনিটে লাল কার্ড দেখেন রাফিনহা। তাঁর ক্রসেই সমতা ফিরিয়েছিল বায়ার্ন। বলের দখল নিতে গিয়ে জ্যাকুব বোয়াশচিকফস্কিকে কনুই মারায় ন্যায্য হলুদ কার্ড দেখেছেন রাফিনহা। কিন্তু দুই মিনিটের ব্যবধানে সতীর্থকে দুটি হলুদ কার্ড পেতে দেখে চটে যান বায়ার্ন খেলোয়াড়েরা। ঘিরে ধরে রেফারিকে। গ্যালারিতেও ছড়িয়ে পড়ে বাড়তি উত্তেজনা। ডাগ-আউটেও। মাঠ ছেড়ে ডাগ-আউটে ফেরার মুখে রাফিনহাকে দুটি কথা শুনিয়ে দেন ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ। ব্যাপারটা একদম হজম করতে পারেননি বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামার।ম্যাচ শেষে ক্লপ অবশ্য বলেছেন, ফাইনালের পোশাকি মহড়াটা ম্যাড়মেড়ে না হয়েই বরং ভালো হয়েছে, ‘এমন ঘটনা ঘটা খুবই স্বাভাবিক। লোকে বলছিল এটা প্রীতি ম্যাচ হবে, কিন্তু বল মাঠে গড়াতেই এটার চেহারা হয়ে গেছে অন্য রকম। এটা কঠিন এক লড়াই ছিল। বিভিন্ন পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেই অনুযায়ী ঘটনাও ঘটেছে।’ প্রথম জার্মান দল হিসেবে বায়ার্নকে ট্রেবল জেতানোর পথে এগোতে থাকা ইয়ুপ হেইঙ্কেসও বলেছেন, ‘দুই দলই সামান্য ছাড় দিতে নারাজ ছিল বলেই উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হয়েছে।’দুই দলই অবশ্য নিজেদের আসল দলটাকে সুরক্ষা দিতে একাদশে এনেছিল বড় পরিবর্তন। গত ম্যাচের একাদশে খেলা ছয় খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছে ডর্টমুন্ড, বায়ার্নের একাদশে পরিবর্তন ছিল সাতটি। ড্র ম্যাচেও অবশ্য বায়ার্ন মানসিক সুবিধাটা আদায় করে নিল ঠিকই। এই মৌসুমে ডর্টমুন্ডের বিপক্ষে চার ম্যাচের একটিতেও হারেনি বায়ার্ন। সুপার কাপ আর জার্মান কাপের দুটি ম্যাচে বরং হারিয়েছে। লিগের দুটি ম্যাচ হয়েছে ড্র। এএফপি, রয়টার্স।