মা অসুস্থ, সাকিব ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আইপিএল ফেলে তাই গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার সাকিব আল হাসান। বিমানবন্দরে নেমে সেখান থেকে প্রথমেই তিনি গেছেন অ্যাপোলো হাসপাতালে অসুস্থ মাকে দেখতে।সাকিব আবার কবে আইপিএলে খেলতে ভারতে ফিরে যাবেন, সেটি এখনো জানা যায়নি। গতকাল সন্ধ্যায় টেলিফোনে কথা হলে এ প্রতিবেদককে শুধু বলেছেন, ‘মাত্রই হাসপাতালে এলাম। আগে মায়ের খোঁজ নিয়ে দেখি কী অবস্থা।’বিসিবি সূত্রে জানা গেছে, মায়ের অসুস্থতার খবর শুনে সঙ্গে সঙ্গেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন সাকিব। এবারের আইপিএলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে প্রথম তিন ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ অধিনায়কের। তিন ম্যাচে নিয়েছিলেন সাত উইকেট। তবে সর্বশেষ দুই ম্যাচে সাকিবকে ছাড়াই খেলেছে কেকেআর।