মা ও মেয়েকে জয় উৎসর্গ ম্যারাডোনার
ইতিসালাত কাপের চার ম্যাচে জয়-পরাজয় সমান দুই দুই। ফলে পরশুই শুরু হওয়া আমিরাতের পেশাদার লিগটা তাঁর এবং তাঁর দল আল ওয়াসলের জন্য ছিল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা জিতেই শুরু করলেন ম্যারাডোনা। গত রোববার লিগের উদ্বোধনী ম্যাচে আল ওয়াসল ৩-০ গোলে হারিয়েছে শিরোপার অন্যতম দাবিদার শারজাকে।আর্জেন্টিনার সাবেক কোচ ওয়াসলের জয়টা উৎসর্গ করেছেন মা ও মেয়েকে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ম্যারাডোনা বলেন, ‘এই জয়টি আমি উৎসর্গ করছি আমার মা ও মেয়েকে, যে নিজেও একজন মা। এবং এটা উৎসর্গ করছি আর্জেন্টিনার সব মাকে। দুবাইয়ের কাছে ৫-০ গোলের হারের কথা মাকে বলিনি। কিন্তু আজ (পরশু) আমি এই জয়ের আনন্দ তাঁর সঙ্গে ভাগাভাগি করেছি।’ওয়াসলের দারুণ এই জয়ের নায়ক নতুন সাইন করানো উরুগুইয়ান স্ট্রাইকার হুয়ান অলিভেরা। তিনটি গোলই তাঁর। প্রতিটি গোলের পরই হাত মুষ্টিবদ্ধ করে শূন্যে ঘুষি ছুড়েছেন ম্যারাডোনা। হ্যাটট্রিক পূর্ণ করার পর জড়িয়ে ধরে অলিভেরার কপালে চুমুই এঁকে দিয়েছেন। রয়টার্স।