মাইক হাসি: সিডনি টেস্ট নিয়ে নার্ভাস!
মাইক হাসি সম্ভবত একটু নার্ভাস বোধ করছেন। সিডনি টেস্ট যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই এই জ্যেষ্ঠ অস্ট্রেলীয় ব্যাটসম্যানের নার্ভাসনেসের হেতু আর কেউ নন, শচীন টেন্ডুলকার। মাইক একই সঙ্গে চিন্তিতও বটে! মেলবোর্নে বড় ব্যবধানে হেরে ভারতীয় দল না আবার আহত সিংহের মতো হুংকার দিয়ে ওঠে!‘তাঁরা জানে কী করতে হবে। নিজেদের খেলা সম্পর্কে তাঁদের (ভারতীয় ক্রিকেটারদের) ধারণা খুবই স্বচ্ছ। অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছেন দলটিতে এমন অনেক ক্রিকেটারই আছেন। তাঁরা সিডনিতে ঘুরে দাঁড়াতেই পারেন।’ মাইক হাসির মন্তব্য।শচীন টেন্ডুলকারকে নিয়েও যথেষ্ট চিন্তিত হাসি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এর আগেও রান পেয়েছেন টেন্ডুলকার। শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দ্বারপ্রান্তে অপেক্ষমাণ টেন্ডুলকার যে কী রকম ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা খুব ভালো করেই জানেন অভিজ্ঞ হাসি। আর এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, ‘শচীন রান পেলে তা হবে “ভয়ংকর” একটি ব্যাপার।’মেলবোর্নে অসি পেসাররাই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছিলেন। তাঁদের প্রতি যথেষ্ট সপ্রশংস হাসি। সেই সঙ্গে তাঁকে স্বস্তি দিচ্ছে সিডনির উইকেট। ‘এসসিজির উইকেট পেসার-বান্ধব হবে বলেই জানি’ বলেছেন হাসি। সিডনির উইকেট নিয়ে বলেছেন, ‘কয়েক বছর ধরেই দেখছি, এই মাঠে শেষ তিন দিন ব্যাটিং করা খুব কঠিন। এখানকার উইকেট আবহাওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। আমাদের এখন অপেক্ষায় থাকতে হবে, আগামী দুই দিন আবহাওয়ার অবস্থা কেমন দাঁড়ায়।’তবে উইকেট যা-ই হোক না কেন, ভারতীয় ব্যাটসম্যানদের সক্ষমতাকে শ্রদ্ধার চোখেই দেখেন হাসি। ‘ভারতীয় ব্যাটসম্যানরা দারুণ প্রতিভাবান। তাঁরা জানেন খেলায় কীভাবে ফিরতে হয়।’ টিএনএন।