মাইকেল ক্লার্কের স্বর্ণ সময়
এক পঞ্জিকাবর্ষে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি এত দিন ছিল রিকি পন্টিংয়ের দখলে। ২০০৫ সালে এক বছরে ১৫৪৪ রান করা পন্টিংয়ের এই রেকর্ডটি এ বছর নিজের করে নিলেন মাইকেল ক্লার্ক। মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চমত্কার এক শতকের ইনিংস খেলে পন্টিংয়ের রেকর্ড ভেঙেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এ বছরে এখন পর্যন্ত তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ১,৫৯৫ রান।শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্টটা মাইকেল ক্লার্ক খেলতে পারবেন কি না, সেটা নিয়েই সংশয় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। হাঁটুর ইনজুরির কারণে এই টেস্টটা না খেলতে পারলে হয়তো রেকর্ডটা আরও কিছু সময়ের জন্য পন্টিংয়েরই থেকে যেত। শেষ মুহূর্তে নিজের ফিটনেস প্রমাণ করে মেলবোর্নে মাঠে এসে প্রাপ্য রেকর্ডটা যেন বুঝে নিলেন তিনি। মেলবোর্ন টেস্টের প্রথম দিনে কাল যখন তিনি ব্যাট হাতে মাঠে নেমেছিলেন, তখন পন্টিংয়ের পাশে নাম লেখানোর জন্য তাঁর প্রয়োজন ছিল ৫৬ রান। ২০ রানে অপরাজিত থেকে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছিলেন ক্লার্ক। আজ দ্বিতীয় দিনে চমত্কার ব্যাটিং করে পন্টিংয়ের রেকর্ডটা তো ভেঙেছেনই, সেই সঙ্গে পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরিটি। শেষ পর্যন্ত তিনি আউট হন ১০৬ রান করে। দ্বিতীয় ইনিংসেও যদি ব্যাট হাতে উইকেটে দাঁড়ানোর সুযোগ পান, তাহলে হয়তো নিজের উচ্চতাটা আরেকটু বাড়িয়ে নিতে পারবেন দুর্দান্ত ফর্মে থাকা ক্লার্ক।২০১২ সাল পুরোটাই খুব দারুণ সময় কাটিয়েছেন ৩১ বছর বয়সী মাইকেল ক্লার্ক। ১১টি টেস্টে ১৮ ইনিংসে ব্যাট করে ১৫৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। এর মধ্যে আছে তিনটি ডাবল সেঞ্চুরির ইনিংস। নিজের ক্যারিয়ার সেরা ৩২৯* রানের ইনিংসটিও ক্লার্ক খেলেছেন এ বছরই। বছরটার শেষে এসেও করলেন আরও একটি শতক। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসেও ক্লার্ক নিশ্চয়ই চাইবেন এমনই কিছু করতে। বৃহস্পতি তো তাঁর এখন তুঙ্গেই।