মাইকেল বালাকের বিশ্বকাপ শেষ
আর মাত্র কয়েক দিন পরই বিশ্বকাপে জার্মান দলের নেতৃত্বের দায়িত্ব নেওয়ার কথা ছিল মাইকেল বালাকের। কিন্তু ইনজুরির কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্বপ্নেরই করুণ সমাপ্তি ঘটেছে তাঁর। জার্মান ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট আজ সোমবার এই দুঃসংবাদটি জানিয়েছে।গত শনিবার পোর্টসমাউথের বিপক্ষে এফএ কাপের ফাইনালে কেভিন প্রিন্সের একটি ট্যাকলে বালাক গোঁড়ালিতে আঘাত পান। আজ সোমবার সকালে মিউনিখে তাঁর গোঁড়ালিতে স্ক্যান করা হয়। সেই স্ক্যান রিপোর্টে বালাকের গোঁড়ালির একটি লিগামেন্টে গুরুতর আঘাতের চিহ্ন দেখে চিকিত্সকেরা জানিয়ে দেন, আগামী আট সপ্তাহ মাইকেল বালাকের মাঠে নামা হচ্ছে না। মাত্র ২৫ দিন পরই দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ তাই মাঠের বাইরে থেকেই দেখতে হবে মাইকেল বালাকের।মাইকেল বালাককে হারিয়ে নিজের হতাশা ও আক্ষেপ চেপে রাখতে পারেননি জার্মান ফুটবল দলের কোচ জোয়াকিম লো। তিনি বলেছেন, ‘এটা বিরাট এক দুঃসংবাদ। শনিবার বালাক ইনজুরিতে পড়ার পর থেকেই আমরা চিন্তিত ছিলাম। প্রত্যাশা ছিল, বালাকের ইনজুরি অতটা বাজে ধরনের হবে না। কিন্তু আজকের চিকিত্সা প্রতিবেদন বড় একটি আঘাত হয়েই এসেছে আমাদের জন্য। বালাক জার্মানির অধিনায়কই কেবল নয়, দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাঁকে ঘিরে সব পরিকল্পনাই আমাদের ভেস্তে গেল।