মাইকেল ‘ফিটেস্ট’ ফেল্প্স
অলিম্পিকে সবচেয়ে বেশি পদক তাঁর। সবচেয়ে বেশি সোনা জেতার রেকর্ডও। এক অলিম্পিকে আট-আটটি সোনা জেতার অনন্য-অবিশ্বাস্য কীর্তিও গড়েছেন। তবে এর চেয়েও বড় ‘কীর্তি’ মাইকেল ফেল্প্স গড়লেন এবার। হারিয়ে দিলেন চাক নরিসকে!মেন’স হেলথ নামের একটি সাময়িকী বিশ্বের সর্বকালের সবচেয়ে ‘ফিট’ ১০০ পুরুষের একটি তালিকা বানিয়েছে। তাতে এক নম্বরে আছেন কিংবদন্তি সাঁতারু ফেল্প্স। যাঁর অবিশ্বাস্য কাণ্ডকীর্তি নিয়ে আছে অনেক ‘কিংবদন্তি’, সেই মার্কিন অভিনেতা চাক নরিস এই তালিকায় আছেন ১৮ নম্বরে। শুধু নরিস নন, ফেল্প্স হারিয়ে দিয়েছেন হলিউডের তিন বিখ্যাত অ্যাকশন হিরো ব্রুস লি, আরনল্ড শোয়ার্জেনেগার ও সিলভেস্টার স্ট্যালনকে। কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী আছেন এ তালিকার ১৫ নম্বরে। এমনকি হালের জেমস বন্ড ড্যানিয়েল ক্রেইগের স্থান হয়েছে তালিকার ঠিক পঞ্চাশে।বিতর্কের কারণে নতুন করে আলোচনায় আসা সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংও আছেন সেরা দশের মধ্যে (৮)। আর্মস্ট্রংয়ের ঠিক ওপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসিকে হারিয়ে দিয়েছেন রোনালদো। মেসি জায়গা পাননি সেরা বিশেও। সেরা বিশে থাকা অন্য ফুটবল তারকা ডেভিড বেকহাম (১৬)। ওয়েবসাইট।