মাইলফলক ছুঁলেন ফ্যালকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় চলছে ফ্যালকাও-তাণ্ডব। সেই জোয়ারে ভেসে যাচ্ছে বেশ কিছু রেকর্ডও। এর মধ্যে লিগে করে ফেলছেন নয় গোল। এখন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই সমতলে, ১১ গোল নিয়ে সবার ওপরে লিওনেল মেসি। এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফি নিয়ে ত্রিমুখী লড়াইটা যে এবার দারুণ জমবে, সেটা না বললেও চলে।গত ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শেষ সময়ের গোলে গড়েছেন আরেকটি মাইলফলক। এটা নিয়ে এই মৌসুমে টানা ১০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে গোল করলেন অ্যাটলেটিকো স্ট্রাইকার। টানা ১০ ম্যাচে গোল করার আগের রেকর্ডটি ছিল লিওনেল মেসির। ফ্যালকাও এবার ভাগ বসালেন সেই রেকর্ডে। সব মিলিয়ে অ্যাটলেটিকোর হয়ে এই মৌসুমে গোল হয়েছে ১২টি। তা-ও আবার জাতীয় দলের হয়ে তাঁর গোলগুলো বাদ দিয়েই। চেলসির বিপক্ষে উয়েফা সুপার কাপ দিয়ে শুরু, এর পর থেকে ফ্যালকাও-ঝড় চলছেই। শুধু লেভান্তের বিপক্ষে ম্যাচেই কোনো গোল পাননি এই কলম্বিয়ান স্ট্রাইকার। এর পরই টানা ১০ ম্যাচে গোল এল তাঁর নামের পাশে।এই মৌসুমে অবশ্য চারটা ম্যাচ খেলতে পারেননি। ইউরোপা লিগে হ্যাপোয়েল তেল আবিবের বিপক্ষে বিশ্রামে ছিলেন। আর এসপানিয়ল ও ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে তো চোটের জন্য মাঠেই নামতে পারেননি। না হলে আরেকটা রেকর্ড বোধ হয় হয়েই যেত। জার্মান কিংবদন্তি জার্ড মুলার টানা ১৬ ম্যাচে করেছিলেন ২৩ গোল। সে রেকর্ড ভাঙার সুযোগ অবশ্য এখনো ফ্যালকাওয়ের আছে, যদিও রেকর্ডটা এখনো অনেক দূরের পথ। ওয়েবসাইট।