মাইলফলকের ম্যাচে স্পেনের চাপ!
জিতলেই মূল পর্বে, প্রতিপক্ষও ‘পুঁচকে’ লুক্সেমবার্গ। তারপরও ভিসেন্তে দেল বস্কের কপালে ভাঁজ! জয়ের চিন্তা তো আছেই, তবে ২০১৬ ইউরোর বাছাইপর্বে আজকের ম্যাচে স্পেন কোচের ওপর চাপটা দলের গোলখরা নিয়ে। ইউরোতে সর্বশেষ চার ম্যাচে যে মাত্র ৫ গোল করেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন দলটি।
সুইডেনের চাপটা এত ‘আদিখ্যেতা’র নয়। বরং লিখটেনস্টেইনের মাঠে জয় তুলে নিয়ে মূল পর্বে যাওয়ার রাস্তাটা আরেকটু পরিষ্কার করে নেওয়াটাই এখন মূল লক্ষ্য ইব্রাহিমোভিচদের। তুলনায় ইংল্যান্ড একেবারে নির্ভার। এরই মধ্যে মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে। ঘরের মাঠে এস্তোনিয়ার সঙ্গে তাই আজ আনকোরা দলই মাঠে নামাতে পারেন রয় হজসন।
ম্যাচটা স্পেনের জন্য একটা উপলক্ষেরও—ইউরো চ্যাম্পিয়নশিপে এটি ‘লা রোজা’দের ১৫০তম ম্যাচ। উপলক্ষটিকে জয়ে রাঙাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় স্পেনের। সর্বশেষ পাঁচ ম্যাচে যে ইকার ক্যাসিয়াসের জালে একবারও বল পাঠাতে পারেনি লুক্সেমবার্গ। এএফপি।