মাকে ম্যারাডোনার শেষ দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই থেকে ২৪ ঘণ্টার দীর্ঘ উড়ানে পরশু যখন বুয়েনস এইরেস বিমানবন্দরে পৌঁছালেন, তাঁর মায়ের অন্যলোকে কেটে গেছে সমান সময়। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকার মায়ের মৃত্যুতে পুরো আর্জেন্টিনা শোকাচ্ছন্ন। বিমানবন্দরে জনসমক্ষে কোনো কথাই বলেননি ডিয়েগো ম্যারাডোনা। সোজা চলে গিয়েছেন শেষকৃত্যানুষ্ঠানের জন্য নির্ধারিত কাবালিতোর বাড়িতে, যেখানে প্রয়াত দালমা ফ্রাঙ্কো ডি ম্যারাডোনাকে শেষ শ্রদ্ধা জানানোর অপেক্ষায় ছিলেন তাঁর স্বজনেরা। ছিলেন অজস্র ফুটবলার ও শিল্পী। ডোনা তোতা নামে আর্জেন্টিনার সাধারণ্যে পরিচিত ম্যারাডোনার মাকে পরে বেলা ভিস্তার পারিবারিক সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়। শেষকৃত্যানুষ্ঠানের সব দায়িত্বই ছিল প্রয়াতের প্রিয়তম পুত্র ম্যারাডোনার ওপর।ফুটবলার, রাজনীতিক, শিল্পী ও ক্রীড়াবিদেরা ম্যারাডোনার মায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আশ্রয় নিচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের। ফিরতি ধন্যবাদজ্ঞাপনও চলছে ওই মাধ্যমে। ম্যারাডোনার জামাই সার্জিও ‘কুন’ আগুয়েরো টুইটারে লিখেছেন, ‘খুবই দুঃখের দিন...পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা সবাই ডিয়েগো এবং তাঁর পরিবারের পাশে আছি।’ দাদিশাশুড়িকে শেষ দেখা দেখতে পারেননি ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার। হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮১ বছর বয়সী ডোনা তোতা যখন শেষনিঃশ্বাস ফেলেছেন, তিনি ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে ব্যস্ত। আর যখন তাঁর শেষকৃত্য হচ্ছে, আগুয়েরো ব্যস্ত উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিয়ে। আগুয়েরোর স্ত্রী, ম্যারাডোনার ছোট মেয়ে জিয়ানিনা অবশ্য দাদির পাশে ছিলেন বুয়েনস এইরেসের হাসপাতালে। সেখানে থাকার কথা ছিল ম্যারাডোনারও। কিন্তু দুবাই থেকে উড়ে যেতে যে একটু বেশিই দেরি হয়ে গেল আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির! এএফপি, ওয়েবসাইট।