মাচেরানোর যন্ত্রণা

টেলিভিশন ক্যামেরা যখন তাঁকে খুঁজে নিল, অঝোরে কাঁদছেন। স্বপ্নভঙ্গের বেদনায় নীল আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো। এত কাছে এসেও এতটা দূরে থাকবে বিশ্বকাপ, কে জানত? পরশু রাতে নিশ্চয়ই দুই চোখের পাতা এক করতে পারেননি। শুধু পরশু রাতই কেন, দুঃস্বপ্নের যন্ত্রণাটা যে সারা জীবনই পুষে বেড়াতে হবে বার্সেলোনা মিডফিল্ডারের, ‘দুর্ভাগ্যক্রমে এই ব্যথা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কারণ সুযোগটা ছিল আমাদেরই।’
নকআউট পর্বে আর্জেন্টিনার চারটি ম্যাচের তিনটিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। জার্মানির বিপক্ষে ফাইনালে তো একসময় মনে হচ্ছিল, টাইব্রেকারেই নিষ্পত্তি হতে যাচ্ছে ভাগ্য। কিন্তু জার্মানির সুপার সাব মারিও গোটশের সাত মিনিট আগে দেওয়া গোলটিই এলোমেলো করে দেয় আর্জেন্টিনার সবকিছু। অন্তিম মুহূর্তে হারের কষ্ট কুরে কুরে খাচ্ছে তাঁকে, ‘এটা আসলে বলে বোঝানো কঠিন। ওরা শেষ মিনিটে আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে, কিন্তু আমরা ম্যাচ জিততে আপ্রাণ চেষ্টা করেছি। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্তও আমাদের যথেষ্ট ভালো সুযোগ ছিল।’
মাথার ওপর ট্রফি উঁচিয়ে বাসের খোলা ছাদে ঘুরবেন বুয়েনস এইরেসে—২৪ বছরের লালিত স্বপ্নটা মনের মধ্যে এভাবেই এঁকে রেখেছিলেন মাচেরানো। কিন্তু এক ঝটকায় অন্ধকার হয়ে গেল স্বপ্নের আকাশ। উল্টো সবার কাছে ক্ষমা চাইলেন মাচেরানো, ‘কষ্টটা বর্ণনা করার মতো নয়। আমরা বিশ্বকাপটা আর্জেন্টিনায় নিয়ে যেতে চেয়েছিলাম। এ জন্য সবকিছু উজাড় করে খেলেছি। এখন আমরা নিঃস্ব। আর্জেন্টিনায় যারা আছে এবং এখানে যারা খেলা দেখতে এসেছে সবার কাছে ক্ষমা চাচ্ছি।’ ফুটবলের নিষ্ঠুরতা মেনে নিয়ে বাস্তবতার জমিনে পা রাখছেন মাচেরানো, ‘ফুটবল এমনই এবং এর পরও আমাদের মাথা তুলে বাঁচতে হবে, বয়ে বেড়াতে হবে এই যন্ত্রণা।’
তবে ২৪ বছর পর দলটাকে ফাইনালে তোলায় মাচেরানো ধন্যবাদ দিলেন কোচ আলেসান্দ্রো সাবেলাকে, ‘আমাদের মতো দেশে যেখানে জনগণের আস্থা ফেরানো কঠিন, সেখানেও তারা আবার আমাদের ওপর আস্থা রাখতে শুরু করেছে। আমি কোচকে ধন্যবাদ দিতে চাই। আমার সতীর্থদের এবং আমাকেও বিশ্বাস করতে শিখিয়েছেন যে আমরাও লড়তে পারি।’ এএফপি।