মাজিদের মুখে আরও অনেক নাম!
দুজনই মাজহার। একজন মাজহার মাজিদ, অন্যজন মাহজার মাহমুদ। একজন বাজিকর, অন্যজন ছিলেন নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর ছদ্মবেশী সাংবাদিক। বলা যায়, একজন ছিলেন শিকার, অন্যজন শিকারি। জুয়াড়ির ছদ্মবেশ নিয়ে মাজিদের কাছে গিয়েছিলেন মাহমুদ। বড় অঙ্কের জুয়া ধরতে চেয়েছিলেন। করতে চেয়েছিলেন স্পট ফিক্সিং।কিন্তু এর আগে মাজিদের ক্ষমতার প্রমাণ চেয়েছিলেন। আর নিজের হাত যে কত লম্বা, সেটা বোঝাতে মাহমুদের কাছে অনেক গালগল্প দিয়েছিলেন মাজিদ। গোপনে রেকর্ড হয়ে গেছে সেইসব কথা। সেই রেকর্ডকৃত আলাপনই এখন হাজির করা হচ্ছে লন্ডনের আদালতে। এখানেই তিন পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে চলছে বিচার।নিজের আলাপনে মাজিদ দম্ভভরেই মাহমুদকে জানিয়েছেন, শুধু পাকিস্তানি ক্রিকেটার নয়; তাঁর হাত আরও লম্বা। তাঁর সঙ্গে সখ্য আছে ভারতের দুই ক্রিকেটার হরভজন সিং ও যুবরাজ সিংয়ের। উল্লেখ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ব্রেট লির নাম। আইপিএলের বরখাস্ত কমিশনার লোলিত মোদির নাম করেছেন নিজের ‘ভালো বন্ধু’ হিসেবে। দাবি তুলেছেন, তাঁর সঙ্গে ভালো সম্পর্ক আছে মাইক গ্যাটিং, ফিল টাফনেল, জিওফ বয়কট ও ইমরান খানের। এমনও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল পাকিস্তানে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে। মাজিদ নিজেকে এই অঙ্গনের অনেক বড় খেলোয়াড় প্রমাণ করতে গিয়ে বলেছেন, আড়াই বছর ধরেই এক কাজ তিনি নিয়মিত করে আসছেন।স্বাভাবিকভাবেই মাজিদের এসব কথাবার্তা ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দেবে। যাঁদের নাম এই বাজিকর বলেছেন, তাঁদের সঙ্গে আদৌ তাঁর সম্পর্ক ছিল কিনা, কে জানে। নিজের ক্ষমতা বোঝাতে অনেক নাম বানিয়েও বলতে পারেন। তবে যেহেতু তাঁর ইশারায় সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের স্পট ফিক্সিংয়ে জড়ানোটা মোটামুটি প্রমাণিত, তাই বাকিদের নাম আসাটাও অনেকের মনে অনেক প্রশ্ন হয়তো তুলে দেবে।আদালতে শুনানি চলাকালে ছদ্মবেশী সাংবাদিক মাহমুদও উপস্থিত ছিলেন মামলার অন্যতম সাক্ষী হিসেবে। মাজিদের কাছে নিজেকে ভারতীয় ব্যবসায়ী পরিচয় দেওয়া মাহমুদকে অবশ্য নিরাপত্তার খাতিরে একটা নীল পর্দার আড়ালে রাখা হয়, যেন তাঁকে দেখা না যায়। আদালতে তাঁর সরবরাহ করা অডিও টেপের পাশাপাশি ভিডিও টেপও দেওয়া হয়েছে। এরই একটা ভিডিও টেপে মাজিদকে এক লাখ ৪০ হাজার পাউন্ডের বান্ডিল গুনতে দেখা যায়। এই ভিডিওটি লর্ডস টেস্টের ঠিক আগের দিনের। গত বছর ইংল্যান্ড-পাকিস্তান লর্ডস টেস্টেই টাকা খেয়ে ইচ্ছাকৃত নো-বল করেছিলেন বলে অভিযোগ উঠেছে আমির ও আসিফের বিরুদ্ধে। তাঁদের এই নির্দেশ দিয়েছিলেন ওই ম্যাচের অধিনায়ক বাট।স্বাভাবিকভাবেই মাজিদের এসব কথাবার্তা প্রকাশ হওয়ার পর শোরগোল পড়ে গেছে। সবচেয়ে সোচ্চার আপাতত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘এই মন্তব্য কিংবা অভিযোগগুলো হাস্যকর। কারণ, তা করেছে মাজিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি। এর কোনো ভিত্তি নেই।’ হরভজন আর যুবরাজও বলেছেন, মাজিদের সঙ্গে কোনো কালেই তাঁদের কথা হয়নি, পরিচয় তো দূরের কথা। যুবরাজ হেসেই উড়িয়ে দিয়েছেন এই দাবি। আর এসব কথা বলায় মাজিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন হরভজন। এএফপি, ওয়েবসাইট।