মাজেম্বের সামনে আরেক ইন্টার
দুজনই ‘সাত সমুদ্র’ পাড়ি দিয়ে এসেছেন আবুধাবিতে। টাউট পুইসান্ট মাজেম্বের গোলরক্ষক মুতেবা কিদিয়াবা এসেছেন রূপকথা রচনা করতে। আর ইন্টার মিলানের কোচ রাফায়েল বেনিতেজ মান ও চাকরি বাঁচাতে। শেষ পর্যন্ত কে ফিরে যাবেন হাসিমুখে?দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলের ইন্টারন্যাশিওনালকে হারিয়ে ফাইনালে উঠেই ইতিহাস গড়ে ফেলেছে কঙ্গোর ক্লাব মাজেম্বে। অন্য সেমিফাইনালে অবশ্য কোনো অঘটন ঘটেনি। মিলিতো, জানেত্তি ও স্টানকোভিচের গোলে দক্ষিণ কোরিয়ার সিয়ংনামকে হারিয়ে ফাইনালে উঠেছে বেনিতেজের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। আগামীকাল ক্লাব বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে কিদিয়াবা ও বেনিতেজকে।এক দলের কোচের সঙ্গে আরেক দলের গোলরক্ষককে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ায় অবাক হতেই পারেন। তবে ক্লাব বিশ্বকাপের খোঁজখবর রেখে থাকলে কারণটা আপনার বুঝে ফেলার কথা। হোসে মরিনহোর রেখে যাওয়া সাজানো-গোছানো ইন্টার এলোমেলো হয়ে যাওয়ায় মাথার ওপর খাঁড়া নিয়েই আবুধাবি এসেছেন বেনিতেজ। মিলিতো-স্নাইডারদের চেয়েও তাই বেশি আলোচনায় স্প্যানিশ কোচ। আর মাজেম্বের স্বপ্নযাত্রায় সব আলোই পড়েছে কিদিয়াবার ওপর।৩৪ বছর বয়সী কিদিয়াবা গত বছরই খেলা ছেড়ে গোলকিপিং কোচ হবেন বলে একরকম মনস্থিরই করে ফেলেছিলেন। আর কিছুদিন খেলি করতে করতে খেলে ফেললেন ২০০৯ সালের ক্লাব বিশ্বকাপ। সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তাঁর দল। কিন্তু কিদিয়াবার মনে গেঁথে গেছে রূপকথা রচনার স্বপ্ন।টানা দ্বিতীয় ক্লাব বিশ্বকাপে এসেছিলেন সেই স্বপ্ন নিয়েই। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দারুণ খেলে মাজেম্বেকে তুলে দিয়েছেন ফাইনালে। কিদিয়াবা এখন রূপকথার শেষ অধ্যায়টি রচনা করার অপেক্ষায়।বিশ্ব ফুটবলে কঙ্গোরই কোনো নাম নেই। সেই দেশের ক্লাব মাজেম্বেও তেমন কিছু নয়। আফ্রিকান চ্যাম্পিয়নই হয়েছে তারা মাত্র চারবার। তবে কিদিয়াবার আত্মবিশ্বাস তাঁর স্বপ্নের মতোই বড়, ‘আমরা ফাইনালে উঠেছি এবং কাপটা আমাদের হাত ছোঁয়া দূরত্বে। আমাদের আত্মবিশ্বাস আছে, ভালো খেলেই আমরা এটি হাতে নিতে পারি।’মাজেম্বের মহাদেশেরই মানুষ ইন্টার মিলানের স্ট্রাইকার স্যামুয়েল ইতো। কঙ্গোর এই অখ্যাত ক্লাবের সাফল্যে গর্ব অনুভব করছেন ক্যামেরুনিয়ান তারকাও, ‘আবুধাবিতে এসেই আমি মাজেম্বের প্রথম ম্যাচটি দেখেছি। পাচুকার বিপক্ষে ওরা তখন জয়ের পথে ছিল। শেষ পর্যন্ত ওরা যে জিতেছে, এতে আমি খুব খুশি হয়েছি। আসলে আমাদের দলের সব আফ্রিকানই এতে গর্ব বোধ করছি।’তবে ফাইনালে নিশ্চিতভাবেই ভাবাবেগকে কাছে ঘেঁষতে দেবেন না ইতোরা। মাজেম্বের সাফল্য মানেই যে তাঁর দলের মরণ। আর সেটা হলে মান-মর্যাদা একেবারেই মরুর ধুলোয় বিসর্জন যাবে ইন্টারের। সিরি ‘আ’তে ১৫ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম। ক্লাব বিশ্বকাপ জয়টা আবার জেগে ওঠার প্রেরণার দৃষ্টিকোণ থেকেও তাই খুব গুরুত্বপূর্ণ।ফেবারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিল ইন্টার। ফাইনালে মাজেম্বেকে পাওয়ায় ইন্টারের কাজটা সহজ হয়ে গেল—এমন ধারণার পক্ষেও যুক্তি আছে। তবে যুক্তি তো আর অঘটনের নাগাল পায় না। কিদিয়াবার আবার অলৌকিকে খুব বিশ্বাস! এএফপি ও ওয়েবসাইট।