মাঝিবিহীন নৌকায় শ্যুটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গগন ঝলসে উঠেছে। আমি ওকে থামাতে পারিনি’—অভিনব বিন্দ্রা।স্বদেশি মিডিয়ার সামনে নিজের পরাজয় মেনে নিলেন অলিম্পিকে ভারতীয় সোনাজয়ী শ্যুটার। তা হোক, শ্যুটিং রেঞ্জে কাল আবার ভারতীয় উৎসবই হলো। ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ ব্যক্তিগত বিভাগের সোনা-রুপা দুটিই যে ভারতের। গগন জিতেছেন সোনা, বিন্দ্রা রুপা।বাংলাদেশের খবর কী? বিন্দ্রাকে হারিয়ে ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনাজয়ী আসিফ সঙ্গী আবদুল্লাহ হেল বাকিকে নিয়ে তখন গেমস পল্লির পথ ধরেছেন। দুই শ্যুটারের একজনও আটজনের চূড়ান্ত পর্বেই উঠতে পারেননি।আগের দিন ৬০০-তে ৫৯০ করেছেন, তবু আসিফের আশা ছিল ব্যক্তিগত ইভেন্টে ভালো করার। দলগত ইভেন্টে সতীর্থ আবদুল্লাহ হেল বাকির স্কোর ছিল মাত্র ৫৮৩। দুজন আরেকটা পয়েন্ট বেশি পেলেই দলীয় রুপা জুটত, তা না হলেও ব্রোঞ্জ অন্তত মিলেছে। কিন্তু পরের দিন ব্যক্তিগত বিভাগে দাঁড়াতেই পারলেন না।সকালে ১৬ জনের মধ্যে সেরা আটে ওঠার বাছাইয়ে গগন ৬০০-তে ৬০০-ই করেন, যা আগে দুবার করে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। বিন্দ্রা করেছেন ৫৯৫। ফাইনালে ১০ শটের নয়টিতেই ১০ করেন গগন।ওদিকে আসিফ যেন নিশানা হারানো ‘অচল বন্দুক’। কাল বাছাইয়ে তাঁর স্কোর আগের দিনের চেয়েও দুই কম—৫৮৮, অবস্থান সপ্তম। অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের দুই শ্যুটার একই স্কোর করলে আসিফকে (বাকি ১২তম হওয়ায় বাছাইয়েই বাদ) যেতে হয় টাইব্রেকারে। সাত-আট-নয়ের মধ্যে দুজনকে বেছে নিতে ৫ শটের আলাদা বাছাই হয়। আসিফ ৫ শটের তিনটিতে ৯ করে ১ পয়েন্ট পেছনে থেকে নবম হয়ে ফাইনালে উঠতে ব্যর্থ হন।ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনাজয়ী আসিফ বরাবরই অধারাবাহিকতার সমস্যায় আক্রান্ত। ‘আমি জানি না কী হয়। আজ কোনো চাপই ছিল না, পদকের চিন্তাও করিনি। ১৪টা শট ১০.৫-এর ওপরে মেরেছি। তার পরই খারাপ হতে শুরু করল। শট নিতে সময় লাগছিল। ৯.৭, ৯.৬, ৯.৭—কখনোই পরের ৩ শট এতটা খারাপ হয়নি’—নির্বিকার ভঙ্গিতে বললেন আসিফ।আসিফকে নিরুদ্বিগ্ন দেখালেও উদ্বেগের আসলে কারণ আছে। শ্যুটারদের নিজস্ব কোচ নেই। ১২ জনের এই শ্যুটিং দলের সঙ্গে কোচ শুধু আসবাব আলী ফয়েজ। সাবেক এই শ্যুটার বিকেএসপির দীর্ঘদিনের কোচ। আসবাব রাইফেল কোচ, অন্য ইভেন্টে তাঁর ধারণা কম। তাঁকে দিয়েই ঠেকা কাজ চালানো হচ্ছে! শ্যুটিং ফেডারেশনের কোচ শোয়েবুজ্জামান সদ্য বাবা হওয়ার কারণে আসেননি। চাইলে শ্যুটিং ফেডারেশন অন্য কোচ পাঠাতে পারত না?‘রিংকি ভাই (সাইফুল আলম রিংকি) আমার অলিখিত কোচ। শোয়েব ভাই সহযোগী হিসেবে থাকেন। রিংকি ভাইয়ের এখানে আসার কথা ছিল পর্যবেক্ষক হিসেবে। কিন্তু পর্যবেক্ষক নাকি আসার নিয়ম নেই’—বললেন আসিফ।সাবরিনা সুলতানার ক্ষোভ, ‘গগন ৬০০-তে ৬০০ করলেও বারবার কোচের পরামর্শ নিয়েছে। কিন্তু আসিফ কার পরামর্শ নেবে? যত ভালো শ্যুটারই হোক, কোচ লাগবেই। আমাকেও একটু পরামর্শ দেওয়ার কেউ ছিল না।’নানা রঙের কার্ড গলায় ঝুলিয়ে খেলার বাইরের লোকজন দিল্লি ভ্রমণ করছেন। কাল তো বাংলাদেশের নানা পদের কর্তাদেরও তাজমহল দেখাতে আগ্রা নিয়ে যাওয়া হয়েছে বলে খবর আছে। অথচ আসিফদের যাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন সেই রিংকি রয়েছেন দেশে।আসিফ বলছিলেন, ‘আমি ফেডারেশনের প্রেসিডেন্ট সাহেবকে বলেছিলাম আমাদের একজন ভালো কোচ এনে দিতে। উনি বলেছেন, এই মুহূর্তে সম্ভব নয়। ফেডারেশনের আর্থিক সমস্যা আছে। কমিটি নিয়ে সমস্যা, মামলা আছে।’পদকের স্বপ্ন দেখানো শ্যুটার শারমিনের কথা, ‘এখানে এসেছি বটে, কিন্তু কার কাছে অনুশীলন করব? দুদিন অনুশীলনে ভালো করেছি, দুদিন খারাপ। ৯ তারিখে কী মারব, তাই নিয়ে আমি শঙ্কিত।’শঙ্কাটা দূর করার দায়িত্ব যাঁদের, দিবানিদ্রা ভেঙে একটু কী জেগে উঠবেন, সেই মহামান্য কর্মকর্তারা?