মাঝের বিরতি নিয়ে নানা চিন্তা
জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ। এর পরপরই এশিয়া কাপ। আর এপ্রিলে তো টি-টোয়েন্টি বিশ্বকাপই। নিউজিল্যান্ডের বিপক্ষে আজই শেষ হতে চলা সিরিজ শেষে জানুয়ারি পর্যন্ত তাহলে কী করবেন বাংলাদেশের ক্রিকেটাররা?
মাঝের সময়টাতে ক্রিকেটারদের বসে থাকা নিয়ে প্রশ্ন উঠছে আগামী বিপিএল নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়াতেই। গত বিপিএলের সব দেনা-পাওনা এখনো মেটায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে গেমঅনের সঙ্গেও। এ ছাড়া বিপিএলের স্পট ফিক্সিং তদন্তে আপত্তি জানিয়ে বিসিবি ও আইসিসির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। এ অবস্থায় আগামী ডিসেম্বরে বিপিএল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ক্রিকেটারদের জন্য ফাঁকা সময় বেড়ে যাচ্ছে এ জন্যই।
বিপিএল হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছু ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাওয়া যেত। সেটি অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প চিন্তা করতে হচ্ছে বিসিবিকে। এ মাসের শেষের দিকে বিদেশি কোনো দলকে বাংলাদেশে এনে পাঁচ ওয়ানডে আর দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলানোর সম্ভাব্যতা যাচাই করে দেখছে বিসিবি। বিবেচনায় আছে তিন জাতি সিরিজও। কাল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কথায়ও পাওয়া গেল এই আভাস, ‘সামনে যে ফরম্যাটের (টি-টোয়েন্টি) খেলা হবে, সেটার অনুশীলন করতে পারাটা অনেক বড় প্লাস পয়েন্ট হবে। বিপিএল না হলেও শুনলাম অন্য কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে পারে। এটা হলে খুবই ভালো হবে।’
তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন বিকল্প আরেকটি ভাবনার কথাও জানালেন, ‘আমরা বিসিএলটাকে (ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের টুর্নামেন্ট) মে মাস থেকে এগিয়ে এ মাসের শেষের দিকে নিয়ে আসতে পারি। তবে তার আগে বিসিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে দেখতে হবে তারা এটাতে রাজি কি না। রাজি না হলে আমরা বিদেশি দল আনার চেষ্টা করব।’ সে দলটা জিম্বাবুয়ে বলেই জানা গেছে। জানুয়ারিতে শ্রীলঙ্কা দলের এমনিতেই বাংলাদেশ সফরে আসার কথা। সে ক্ষেত্রে জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে একটি তিন জাতি সিরিজও দেখে ফেলতে পারেন বাংলাদেশের দর্শকেরা। তবে এসব ব্যাপারে চূড়ান্ত আলোচনা হবে ১০ নভেম্বর অনুষ্ঠেয় ক্রিকেট পরিচালনা বিভাগ ও টুর্নামেন্ট কমিটির সভায়।
অবশ্য একটি সূত্রে জানা গেছে, নভেম্বর-ডিসেম্বরের ফাঁকা সময় পূরণ করতে বিদেশি দল আনার চিন্তা থামিয়ে দিতে পারে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা। নিরাপত্তা নিয়ে সংশয়ের কারণে এ সময়ে বিদেশি দল না আনার পক্ষে মত আছে বিসিবিতে। সে ক্ষেত্রে ক্লাব পর্যায়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা যায় কি না, বিবেচনায় আছে সেটাও।