মাটিতেই পা আমিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসিম আকরামের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে তাঁর মধ্যে। তা আকরামের সঙ্গে এর মধ্যেই একটা জায়গায় মিলেও গেছেন ১৮ বছর বয়সী মোহাম্মদ আমির। ১৫ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ জয়ে আকরাম ছিলেন পাকিস্তানের অধিনায়ক। আর গত পরশু হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান ১৫ বছরের জয়ের বন্ধ্যাত্ব ঘোচাল ম্যান অব দ্য ম্যাচ আমিরের হাত ধরে। এএফপি।তবে আমিরকে যতই মানুষের কাছে আকরামের মতো মনে হোক, সাবেক পাকিস্তান অধিনায়কের সঙ্গে তুলনায় এই বাঁহাতি পেসার যথেষ্টই বিনয়ী, ‘ওয়াসিমের (আকরাম) ধারেকাছেও নেই আমি। ওয়াসিম আকরাম হতে হলে আমাকে অনেক দূর যেতে হবে। তবে তাঁর কথাগুলো খুব উৎসাহব্যঞ্জক।’ হেডিংলি টেস্টের আগে আকরাম আসলেই পিঠ চাপড়ে দিয়েছিলেন আমিরের। বলেছিলেন, ১৮ বছর বয়সে তিনি যে রকম ছিলেন, আমির নাকি তার চেয়েও বুদ্ধিমান বোলার।আকরামের কথার মর্যাদা অস্ট্রেলিয়া সিরিজেই দিয়েছেন আমির। দুই টেস্টে নিয়েছেন ১১ উইকেট, হেডিংলিতেই যার ৭টি। এর মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত আউটসুইংয়ে পাওয়া অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের উইকেটটিকে বলছেন ক্যারিয়ারেরই সেরা, ‘পন্টিংকে আউট করতে পারা মানেই অসাধারণ কিছু। কারণ ম্যাচটা আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার হুমকি হয়ে দাঁড়িয়েছিল সে।’ পন্টিংয়ের কাছ থেকেও দারুণ একটা স্বীকৃতি আদায় করে নিয়েছেন আমির, ‘আমির উন্নতি করছে। বলে শুধু গতিই নয়, সুইংও করায় দারুণ। ক্রিকেট সম্পর্কে চিন্তাভাবনাও খুব পরিষ্কার। বোলিং দেখে বয়সের চেয়েও অনেক পরিণত মনে হয় তাঁকে।’একটু কমই বললেন পন্টিং। শুধু বোলিংয়ে নয়, কথাবার্তায় মানুষ হিসেবেও বেশ পরিণতই মনে হচ্ছে আমিরকে। একের পর এক গ্রেটদের প্রশংসাবাণীতে ভিজলেও এটিকে মাত্রই শুরু ভাবছেন ইসলামাবাদ থেকে ৩০ কিলোমিটার দূরের গুজার খান শহরের এই তরুণ, ‘এটা একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার। কারণ সব সময়ই আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলতে চেয়েছি। ভালো খেলেছি, তবে আমি মাটিতেই পা রাখতে চাই। এটা তো মাত্র শুরু।’গত বছর জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক পরের মাসেই। প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার শুরু করা মোহাম্মদ আমির এর পর থেকেই পাকিস্তানের অন্যতম বোলিং অস্ত্র। ১০ টেস্টের সংক্ষিপ্ত ক্যারিয়ারের চারটিই খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সব মিলিয়ে নেওয়া ৩২ উইকেটের ১৯টিই এই প্রতিপক্ষের বিপক্ষেই, এমনকি ক্যারিয়ার-সেরা বোলিংও। গত বছর ডিসেম্বরে মেলবোর্নে টেস্টের প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ক্যারিয়ারে এটাই ইনিংসে ৫ উইকেট নেওয়ার একমাত্র কৃতিত্ব। এবার সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই করলেন ম্যাচ-সেরা (১০৬ রানে ৭ উইকেট) বোলিংও।অস্ট্রেলিয়া কেন আমিরের প্রিয় প্রতিপক্ষ হবে না!