মাটিতেই পা পর্তুগিজদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বংসযজ্ঞ, নাকি তাণ্ডবলীলা? কাল কেপটাউন স্টেডিয়ামে আধঘণ্টার ব্যবধানে স্রেফ একটা ঝড় বয়ে গেল উত্তর কোরিয়ার ওপর দিয়ে। প্রলয়ংকরী যে ঝড়ের নাম পর্তুগাল। যে ঝড়ে এই ৩৬ মিনিটে ৬টি গোল খেয়েছে অঘটনের স্বপ্ন বুকে এঁকে মাঠে নামা উত্তর কোরিয়া। এর সঙ্গে প্রথমার্ধের একটি গোল মিলে ২০০২ সালের বিশ্বকাপের পর সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে পর্তুগাল।প্রথম ম্যাচে হন্যে হয়ে মরেও একটি গোলও পায়নি যে পর্তুগিজরা, তারাই রীতিমতো গোল-বন্যায় ভাসিয়ে দিল গোল-খরার এই বিশ্বকাপকে। পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজও প্রশংসার বৃষ্টিতে ভিজিয়ে দিলেন শিষ্যদের, ‘এমনই একটা ম্যাচই দরকার ছিল আমাদের। দুর্দান্ত খেলেছি আমরা। এই ম্যাচের পর আমাদের প্রেষণা আর আত্মবিশ্বাসটাও এখন অনেক চওড়া।’কুইরোজের কথাবার্তায় ৭ গোলের ব্যবধানে জেতার পরের উচ্ছ্বাসটা ঠিক বোঝা যাচ্ছে না? পরিমিতিবোধই কোচকে সংযত করছে আসলে। মাত্রই তো শুরু তাদের। ‘এটা অনেক বড় একটা ফল, সন্দেহ নেই। কিন্তু স্রেফ একটা ম্যাচও। আমরা কিন্তু এখনো কিছুই জিতিনি। আমাদের এখন পরের রাউন্ডে কীভাবে যাওয়া যায়, সেটি নিয়েই মাথা ঘামানো দরকার। এই ম্যাচে আমরা যে লক্ষ্য নিয়ে খেলেছি, সেই একই লক্ষ্য নিয়ে পরের ম্যাচটাও খেলতে হবে আমাদের’—শিষ্যদের পা মাটিতে রাখার পরামর্শই দিলেন কুইরোজ। পরের ম্যাচেই প্রতিপক্ষ যে ব্রাজিল!সম্মিলিত প্রচেষ্টা বলতে যা বোঝায়, এই ম্যাচটি সেটির সার্থক উদাহরণ। ছয়-ছয়জন ফুটবলার গোল পেয়েছেন। দুটো গোল করেছেন পেদ্রো মেন্ডেজ। তিনিও গাইছেন সাম্যের গান। ম্যাচের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে এগিয়ে গেলেন তিনি। এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন, গোল করিয়েছেন। পর পর দুই ম্যাচে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও।ম্যাচের শুরুটা অবশ্য উত্তর কোরিয়া বড় কিছু করে ফেলার আভাস দিচ্ছিল। প্রথমার্ধেও তারা কল্পনাও করেনি, মিনিট কয় পরে কী ঝড়টাই না আসছে। কোচ কিম জং-হান উচ্চাভিলাষী হয়ে আরও বেশি আক্রমণাত্মক খেলতে চেয়েছিলেন। অরক্ষিত রক্ষণ গলে একের পর এক গোল ঢুকেছে জালে। ‘এই পরাজয় আমার একার’—ম্যাচ শেষে কিমের প্রতিক্রিয়া। রয়টার্স, এএফপি।