মাটিতেই পা রাখছেন ওয়েড
মাইকেল ক্লার্কের কথাটাই কি তবে তাতিয়ে দিল ম্যাথু ওয়েডকে! অধিনায়কের কথা আঁতে ঘা লাগার জন্য ছিল যথেষ্ট। উইকেটের পেছনে জায়গা নিয়ে হাডিন-ওয়েডের লড়াইটা দারুণ জমে উঠেছে। রঙিন পোশাকে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দ এখন ওয়েড। জরুরি পারিবারিক কারণে ব্র্যাড হাডিন দেশে ফিরে যাওয়ায় সাদা পোশাকেও অভিষেক হয়ে গেল ওয়েডের। প্রথম দুই টেস্টে এমন কিছু ভালো করেননি, তবে খারাপও করেননি। উইকেটের পেছনে ছিলেন দুর্দান্ত, সামনে ২৮, ১৮, ১১ ও ৩১*। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে আচমকাই ক্লার্ক বলে দিলেন, টেস্টে এখন অস্ট্রেলিয়ার প্রথম পছন্দ হাডিন। পারিবারিক ঝামেলা শেষ হলেই হাডিন ঢুকে যাবেন একাদশে। প্রতিদ্বন্দ্বীকে নিয়ে এমন কথা শুনতে কি আর ভালো লাগে!নিশ্চয়ই জেদ চেপে গিয়েছিল ওয়েডের। ওই জেদটাই যেন ভাষা পেল ব্যাটে। দুর্দান্ত এক সেঞ্চুরিতে অধিনায়ককে বুঝিয়ে দিলেন, ভাবনা বদলের সময় হয়েছে। মুখে যদিও বললেন কোনো ক্ষোভ নেই; বরং অধিনায়কের দাবিটা মেনেও নিয়েছেন ভীষণ বিনয়ী কণ্ঠে, ‘পাপ (ক্লার্ক) বলেছে, হ্যাডস (হাডিন) টেস্টে এক নম্বর উইকেটকিপার। আমারও এতে কোনো সমস্যা নেই। এই সিরিজেও তো হ্যাডসেরই খেলার কথা ছিল। আমি এসেছিলাম বিকল্প হিসেবে। ব্যক্তিগত কারণে ওকে দেশে ফিরতে হয়েছে বলেই আমি খেলছি। আমি আপাতত ওর শূন্যতা পূরণ করতে পেরেই খুশি।’অস্ট্রেলিয়ার পরের টেস্ট মাস ছয়েক পরে। ওয়েডের এই সেঞ্চুরির প্রভাব আর টেস্ট উইকেটকিপারের জায়গা নিয়ে হাডিন-ওয়েডের দ্বৈরথের পরবর্তী অধ্যায় দেখতে হলে অপেক্ষা করতে হবে তাই অনেক দিন। ওয়েড নিজেও অত দূরে তাকাতে চান না। বরং পারফর্ম করতে চান প্রতিটি সুযোগেই, ‘জানি, কথাটা শুনতে ক্লিশে শোনাবে। কিন্তু আমি এভাবেই ভাবছি। পরবর্তী টেস্ট অনেক পরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের আগে নদীতে অনেক পানি গড়িয়ে যাবে। এর আগে অনেক ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। আমি নিজের কাজটা ঠিকঠাক করে যাওয়ার চেষ্টা করব। এরপর দেখা যাক কী হয়!’ ওয়েবসাইট।