মাঠ-উইকেট নিয়ে তামিমের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটটা কাকে দেখাচ্ছিলেন তামিম ইকবাল? যাকেই হোক, এটা যে তাঁর সেঞ্চুরির উদ্যাপনই, তা তো বোঝাই যাচ্ছে। কাল বিকেএসপিতে ষ প্রথম আলো
ব্যাটটা কাকে দেখাচ্ছিলেন তামিম ইকবাল? যাকেই হোক, এটা যে তাঁর সেঞ্চুরির উদ্যাপনই, তা তো বোঝাই যাচ্ছে। কাল বিকেএসপিতে ষ প্রথম আলো

যতক্ষণ মাঠে ছিলেন, মনে হচ্ছিল তামিম ইকবালের সময়টা আনন্দেই কাটছে। একেকটা ছক্কা মারছেন, ফিফটি-সেঞ্চুরি করছেন আর ব্যাট উঁচিয়ে, হাত নাড়িয়ে প্রতিপক্ষ গাজী ট্যাংক ক্রিকেটার্সের ড্রেসিংরুমের দিকে কী যেন দেখাচ্ছিলেন। না, প্রতিপক্ষকে বিদ্রূপ নয়। গতবারের দল ভিক্টোরিয়ার কর্মকর্তা লুৎফর রহমান এখন গাজী ট্যাংকের মালিক। ব্যক্তিগত সুসম্পর্কের কারণে মাঠ থেকে তামিম মজা করছিলেন তাঁর সঙ্গেই।কিন্তু গাজী ট্যাংকের ইনিংসের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে ড্রেসিংরুমে যেন ফিরে এলেন অন্য তামিম! সেঞ্চুরির প্রসঙ্গ ছাপিয়ে কড়া সমালোচনায় মেতে উঠলেন বিকেএসপি তিন নম্বর মাঠের, “একটা ব্যাপারে আমি খুবই হতাশ। এই লিগটাকে লিস্ট ‘এ’ করা হয়েছে। অথচ এটার মর্যাদা বাড়েনি। আজ (গতকাল) যে মাঠে খেললাম, এখানে কোনো কোয়ালিফাইং ম্যাচও খেলা উচিত না। এমন জঘন্য মাঠ, এমন জঘন্য উইকেটে জীবনে খেলিনি। আমি এক শ করেছি, তবে এটা ওপরওয়ালার রহমত। আমি মনে করি ভবিষ্যতে এ মাঠে কোনো খেলাই হওয়া উচিত না।” কিন্তু সেঞ্চুরি করার পরও কেন মাঠের এত সমালোচনা? তামিমের মুখ থেকেই শুনুন, ‘উইকেট তো আপনারাই দেখলেন। আমি হয়তো একটু বেশি ভালো ব্যাটিং করে ফেলেছি বলে দলের রান ২৪৬ হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে (গাজী ট্যাংক) যা হয়েছে, এ উইকেটে এটাই স্বাভাবিক।’ এর আগে বিকেএসপি-২ নম্বর মাঠে খেলা দিয়েও বিপাকে পড়েছে সিসিডিএম। এক দিনের বৃষ্টিতে ৫-৬ দিন খেলা বন্ধ রাখতে হয় ওই মাঠে। কাল বিকেএসপি-৩ নম্বর মাঠেও একই অভিজ্ঞতা হওয়ার পর চরম বিরক্ত তামিম, ‘উইকেট একদমই তৈরি না। মাঠও তৈরি না। সকালে এসে টয়লেটে ঢুকে দেখি পানি নেই। যে মাঠ তৈরি না, সে মাঠে লিস্ট “এ” ম্যাচ খেলাবেন কেন আপনি? আরও দুই বছর পর হয়তো মাঠটা অনেক সুন্দর হবে, আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরি হবে। কিন্তু এ মুহূর্তে এই মাঠ খেলার উপযোগী নয়।’

শুধু তামিম নন, কাল ব্রাদার্স-গাজী ট্যাংক ম্যাচটা যাঁরা মাঠে গিয়ে দেখেছেন, তাঁদের সবারই তামিমের সঙ্গে কণ্ঠ মেলানোর কথা। হঠাৎ দু-একটা বল লাফিয়ে উঠতে দেখা গেলেও বেশির ভাগ বল একরকম গড়িয়েই গেছে উইকেটে। তবে এ রকম উইকেটে সেঞ্চুরি করার একটা ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন ব্রাদার্স অধিনায়ক তামিম, ‘কষ্ট করে রান করতে হয়েছে। এমন পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটেও আসতে পারে। এ অভিজ্ঞতা যদি সেখানে প্রয়োগ করতে পারি, তাহলে হয়তো আমি শতভাগ সফল হব।’

আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিমের অগ্রজ নাফিস ইকবাল। কাল ৩৮ রান করে আউট হয়ে গেলেও ছোট ভাই তামিমের সঙ্গে ৯৭ রানের জুটি হয়েছে তাঁর। তবে নিজের সেঞ্চুরির দিনও তামিম মেতে উঠলেন ভাইয়ের প্রশংসায়, ‘কোনো সময়ই তাঁকে (নাফিস ইকবাল) এতটা সিরিয়াস দেখিনি। একটা মৌসুম যে একজন মানুষকে কোত্থেকে কোথায় নিয়ে যেতে পারে, সেটা ওপরওয়ালা ছাড়া কেউ জানে না। এরপর তিনি যদি আরও দুটি বড় ইনিংস খেলেন, তখন দেখবেন যে তাঁকে নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। তিনি খুব কষ্ট করছেন। শুরুটা ভালো করেছেন। এখন এটা ধরে রাখতে হবে।’ পারফরম্যান্স দিয়ে নাফিস যদি জাতীয় দলে ঢোকার প্রতিযোগিতায়ও নেমে পড়েন, তামিম স্বাগত জানাবেন সেটাকেও, ‘...তখন সবাই চ্যালেঞ্জের মুখে পড়বে। আমিও পড়ব। সবাই যখন ভালো খেলে, তখন আমিও এক ধরনের টেনশনে ভুগি। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’

ব্রাদার্সে খেললেও সেঞ্চুরি, ফিফটি বা ছক্কার উদ্যাপনে তামিমের বারবার গাজী ট্যাংকের ড্রেসিংরুমের মনোযোগ আকর্ষণ করাটা একটু বেশিই চোখে লাগছিল সবার। সবাই অবশ্য বুঝতে পারছিলেন তামিমের দুষ্টুমি। পরে তামিম নিজেও বলেছেন, ‘বাদল ভাইয়ের (লুৎফর রহমান) দলে একসময় খেলতাম। চ্যালেঞ্জ ছিল ওনার দলের বিরুদ্ধে ভালো খেলতে হবে। তা ছাড়া কদিন ধরে উনি খ্যাপাচ্ছিলেন, “তুমি রিয়াদের (মাহমুদউল্লাহ) বলে প্রথম ওভারেই আউট হয়ে যাবে।” এ কারণে রিয়াদ ভাইয়ের ওভারে রান করার পর ওনার দিকে দেখাচ্ছিলাম। এটা আসলে ব্যক্তিগত একটা ফান। খেলা নিয়ে সিরিয়াসই ছিলাম।’