মাঠ উদ্ধারের দাবি নারায়ণগঞ্জবাসীর
কাল দুপুরে হঠাৎ বাফুফে ভবনে এলেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সঙ্গী আরেক নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। নারায়ণগঞ্জের আলীগঞ্জ খেলার মাঠ উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করতেই দুই সাবেক ক্রিকেটার এসেছিলেন ফুটবল ভবনে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড় ও সংগঠকদের নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সবার একটাই দাবি, আলীগঞ্জ মাঠে যেন সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণ না করা হয়।
ফতুল্লা থানার এই মাঠে নিয়মিত হয়ে আসছে জাতীয় স্কুল ক্রিকেট, নারায়ণগঞ্জের প্রথম বিভাগ ক্রিকেট, শেখ রাসেল স্মৃতি ক্রিকেট, ডিসি কাপ ফুটবলসহ নানা টুর্নামেন্ট। ফতুল্লা থানার তিনটি ইউনিয়নের প্রায় ১০ লাখ মানুষের খেলাধুলার জন্য মাঠ এই একটিই। অথচ সেখানেই তৈরি করা হবে সরকারি কর্মকর্তাদের আবাসন। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকাবাসী। খেলার মাঠে এমন আবাসন প্রকল্প গড়ে না তুলতে কাল সংবাদ সম্মেলনে স্থানীয় সংগঠকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন।