মাঠ ছেড়ে বেরিয়ে গেল মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি ম্যাচে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। বর্ণবাদী ধ্বনি তোলার কারণে ম্যাচের ২৬ মিনিটে সরাসরি মাঠ ছেড়ে বেরিয়ে যান কেভিন প্রিন্স বোয়াটেং। তাঁকে অনুসরণ করে তাঁর দল এসি মিলানও মাঠ ছেড়ে গেলে ম্যাচটাই স্থগিত হয়ে যায়।ঘটনা গত পরশু বুস্তো আরসিজিও শহরের ক্লাব প্রো-পাত্রিয়ার মাঠে। ইতালির চতুর্থ বিভাগের এই দলটির সঙ্গেই প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল মিলান। অন্য তিন কৃষ্ণাঙ্গ সতীর্থ সুলে মুন্তারি, এম’বাই নিয়াং, উর্বি ইমানুয়েলসনও স্বাগতিক দলের সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হন। তবে ‘নেতা’ হিসেবে অভিনব প্রতিবাদের শুরুটা করেন বোয়াটেংই। পেনাল্টি বক্সের কাছে বল গেলে বোয়াটেংকে উদ্দেশ করে বর্ণবাদী স্লোগান দেয় কিছু সমর্থক। বল ধরে ক্ষোভে-দুঃখে বোয়াটেং শট মারেন গ্যালারির দিকে। এরপর জার্সি খুলে বেরিয়ে যান মাঠ ছেড়ে। প্রো-পাত্রিয়ার খেলোয়াড়দের অনুনয়-বিনয় এবং গ্যালারির বেশির ভাগ সমর্থকের বর্ণবাদবিরোধী স্লোগান সত্ত্বেও মিলান খেলোয়াড়েরা মাঠে থাকেননি। এসি মিলানের মালিক সিলভিও বার্লুসকোনি বোয়াটেং ও তাঁর দলকে সমর্থন জানিয়ে বলেছেন, এরপর যখনই এমন ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যাবে মিলান। এএফপি।