কখনো মেয়েদের কোচ। কখনো শিক্ষিকা। কখনো বাল্যবিবাহের বিরুদ্ধে গর্জে ওঠা নারী। কামরুন্নাহা অরফে মুন্নি যেন টাঙ্গাইলের একদল মেয়ের জীবনের রং বদলে দেওয়ার পেছনের কারিগর!
মৌলবাদীদের হুমকি-ধমকি সয়েছেন। সমাজ থেকে আলাদা করার ভয় দেখিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। কামরুন্নাহার তবু দমে যাননি। টাঙ্গাইল শহরের বেড়াডোমায় তিনি গড়ে তুলেছেন মোনালিসা ওমেন স্পোর্টস একাডেমি। নিজেই বাল্যবিবাহের শিকার হওয়া কামরুন্নাহারের জীবনের গল্প সিনেমাকেও হার মানায়।
কিন্তু কে জানত, এই কামরুন্নাহারকে নিয়েই একদিন তৈরি হবে সিনেমা! বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের কাছে রুপালি ফিতায় ভর করে পৌঁছে যাবেন বাংলাদেশের কামরুন্নাহার!
তাঁকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র মুন্নি ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’–এ নির্বাচিত হয়েছে। ছবির পরিচালক তাহরিমা খানের কাছেই শুনুন কামরুন্নাহারের চরিত্রকে বেছে নেওয়ার কারণ, ‘মুন্নি এমন একটি নাম, যা বাংলাদেশের অসংখ্য মেয়ের স্বপ্নের প্রতিনিধিত্ব করে। তাই কামরুন্নাহার শুধু একটা ওমেন স্পোর্টস একাডেমির গল্প নয়। এটি মেয়েদের নানা প্রতিকূলতা জয় করার গল্প।’
তাহরিমা জানালেন, প্রামাণ্যচিত্রের জন্য তিনি এমন একটি গল্পই খুঁজছিলেন, ‘বাংলাদেশের মতো জায়গা থেকে একদল প্রতিভাবান নারী খেলোয়াড়ের ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে মুন্নি। অথচ তাদের পরিবারও এটা সমর্থন করে না। উঠতি বয়সী মেয়েদের ছোট ছোট যন্ত্রণার গল্পগুলো উঠে এসেছে প্রামাণ্যচিত্রে।’
৩৫ বছর বয়সী কামরুন্নাহার বাল্যবিবাহ ঠেকিয়েছেন অন্তত ২৭টি। মিলি আক্তারের গল্পটাই শুনুন। ২০১৯ সালের নভেম্বরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া যে মিলির বিয়েই হয়ে যাচ্ছিল, সেই নিজের খেলোয়াড়ি সামর্থ্যের প্রমাণ দিয়ে এ বছর বিকেএসপিতে ফুটবলে ভর্তি হয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুরের মেয়ে মিলিকে অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে শুনে তার অভিভাবকের সঙ্গে দেখা করেন কামরুন্নাহার। তাঁদের বুঝিয়ে-সুজিয়ে মিলিকে নিয়ে আসেন নিজের একাডেমিতে। কিন্তু কিছুদিন পরই মায়ের অসুখের কথা বলে তাঁকে আবারও বাড়িতে নিয়ে যান বাবা। বাড়ি গিয়ে মিলি দেখে, তার বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। মিলি ফোন করে ঘটনা খুলে বলে কামরুন্নাহারকে। শেষ পর্যন্ত কামরুন্নাহারের কৌশলেই ঠেকানো যায় বিয়ে।
সেই ঘটনা মনে করে কামরুন্নাহার বলছিলেন, ‘মিলির মাথায় ছিল লম্বা চুল। দেখতেও বেশ লাগত। আমি ওকে বলি বাসা থেকে লুকিয়ে সেলুনে গিয়ে চুল কেটে ফেলতে। বিয়ে ভাঙতে মিলিও শখের চুল কেটে ফেলেছিল।’
কখনো ফুটবল না খেলেও কামরুন্নাহার আজ সফল কোচ। বাফুফেতে এএফসি ‘সি’ লাইসেন্স কোর্স করেছেন। বিকেএসপিতেও করেছেন কোচেস কোর্স। কামরুন্নাহারের একাডেমির মেয়েদের নিয়ে গড়া টাঙ্গাইল জেলা দল গত বছর বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ বাংলাদেশ গেমসে আনসারের হয়ে খেলেছেন একাডেমির ফুটবলার সিরাত সাবরিন ও রুপা আক্তার। বাংলাদেশ গেমসে সোনাজয়ী রাগবি দলের সবাই এই একাডেমির। এ বছর বিকেএসপিতে সুযোগ পেয়েছেন একাডেমির চার ফুটবলার।
বাল্যবিবাহ ঠেকাতে গিয়ে অনেক জায়গাতেই অপমানিত হয়েছেন কামরুন্নাহার। অনেকের ধারণা, এটা করে নিশ্চয়ই তাঁর কোনো লাভ হচ্ছে! আবার কেউ নিজেদের ভুল বুঝতে পেরে মেয়েকে বিয়ে না দিয়ে স্কুলে পাঠিয়েছেন। নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই কামরুন্নাহার বলছিলেন, ‘মেয়েরা খেলতে চায়। হাসতে চায়। উড়তে চায়। কিন্তু অনেক পরিবার তাদের মেয়েদের খেলতে দিতে চায় না। আমি মনে করি, খেলার মাধ্যমেই বাল্যবিবাহ ঠেকানো সম্ভব। খেলায় এলে মেয়েদের মধ্যে নেতৃত্ববোধ তৈরি হয়, দূর হয় সংকীর্ণতা।’
টাঙ্গাইলের উত্তরণ শিশু শিক্ষালয়ের শিক্ষিকা কামরুন্নাহার ২০০৪ সালে মাত্র তিনজন মেয়ে নিয়ে শুরু করেন একাডেমির পথচলা। বর্তমানে সংখ্যাটা বেড়ে ৩৭। মেয়েদের পড়ালেখা ও অনুশীলনের খরচ নিজের জমানো টাকায় কামরুন্নাহারই বহন করেন। ‘ডেইলি স্টার আনসাং ওমেন নেশন বিল্ডার্স’ পুরস্কার থেকে পাওয়া দুই লাখ টাকার পুরোটাই তিনি খরচ করেছেন একাডেমির মেয়েদের পেছনে। অবশ্য স্বামী আনোয়ার সাদাত এবং স্থানীয় ব্যবসায়ী মির্জা মাসুদও তাঁকে সহযোগিতা করেন।
নিঃসন্তান কামরুন্নাহার একাডেমির মেয়েদের মধ্যেই খোঁজেন সন্তানের ছায়া। তাদের নিয়ে অনেক বড় স্বপ্ন কামরুন্নাহারের, ‘এসব করি দেখে এলাকার সবাই আমাকে পাগল বলে। কিন্তু আমি স্বপ্ন দেখি এই মেয়েরা একদিন নিজেরাই নিজেদের ভবিষ্যৎ তৈরি করবে। আমি চাই কোনো মেয়ের শিক্ষাজীবন যেন ঝরে না পড়ে, বাল্যবিবাহ যেন না হয়। আমার একাডেমিতে থাকবে হাজার হাজার মেয়ে। ওরা খেলবে হৃদয় দিয়ে।’