মাত্র দুই দিনের ব্যবধানেই পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেল সিদ্ধান্তটা। বলা হয়েছিল, মেসিদের অনুশীলনের ভেন্যু হিসেবে থাকবে কমলাপুর ও ফতুল্লা স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমান বলেছিলেন, ফতুল্লাতে মেসিদের অনুশীলন করা নিয়ে কোনো সমস্যাই হবে না। কিন্তু কাল জানা গেল উল্টোটা। ফতুল্লায় নয়, এবড়োখেবড়ো কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে অনুশীলন!অথচ সংস্কারের জন্য টাকা নেই—এই কারণ দেখিয়ে দুদিন আগে কমলাপুরে অনুশীলন করানো যাবে না বলেছিলেন খোদ রহমানই। কাল সেই রহমানকে উদ্ধৃত করে বাফুফের সহসভাপতি বাদল রায় জানিয়েছেন, ‘ক্রিকেট বোর্ড ফতুল্লায় অনুশীলনের ব্যাপারে আপত্তি জানিয়েছে। অনুশীলনের জন্য ক্রিকেট পিচ তুলে নেওয়া হলে পিচ আর বানানো যাবে না। আগে বিসিবি বলেছিল, পিচ তুলে অনুশীলন করা যাবে। কিন্তু এখন বোর্ড আপত্তি তুলছে।’যদিও বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ নাকচ করে দিয়েছেন এমন অভিযোগ, ‘এনএসসি আমাদের কাছে কখনোই মাঠ চায়নি। জুনের শেষ বা জুলাইয়ের শুরুর দিকে বাফুফে থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল। তখন আমরা বলেছিলাম পিচ ক্ষতিগ্রস্ত না হলে ফতুল্লায় ফুটবল অনুশীলন সম্ভব। এরপর আর আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’কমলাপুরের মাঠ ন্যাড়া। সাম্প্রতিক সময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রেসিংরুম-টুম তৃতীয় বিভাগ ফুটবলের উপযোগী হতে পারে, মেসিদের জন্য এই ড্রেসিংরুম তো ভাবাই যায় না। অথচ এটিকেই এখন সহায় মানছে এনএসসি!ড্রেসিংরুমের সংস্কার ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ পরিচর্যা নিয়েও সংশয়ে বাফুফে। ২০ আগস্ট ঢাকায় আসবে আর্জেন্টিনার পরিদর্শক দল। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ভেতরে ভেতরে চিন্তিত হলেও প্রকাশ করছেন না, ‘পুরো ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। বাফুফে এই চ্যালেঞ্জ নিতে তৈরি।’